মহারাষ্ট্রে জোট নিয়ে জটে বিজেপি-কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক একদিন আগে বলা যায়, মহারাষ্ট্রে দুই শিবিরের এত বছরের জোটবদ্ধতা অটুট থাকলে সেটাই হবে বিরাট অঘটন। শিব সেনার সঙ্গে মিটমাটের জন্য একেবারে শেষ মুহূর্তে মুম্বাই যাওয়ার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহর। কিন্তু শিব সেনার জেদ অনড় থাকায় শেষ মুহূর্তে তিনি তা বাতিল করেন। রাজ্যের নেতারা গতকাল বুধবার রাত থেকে নিজেদের মতো করে জট খোলার চেষ্টা করেছিলেন। আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত তা সফল হয়নি।

একইরকম অবস্থা কংগ্রেস-এনসিপি শিবিরেও। এনসিপির ‘অন্যাঘ্য’ দাবিতে ‘বিরক্ত’ কংগ্রেস গতকাল বুধবার রাতে একতরফাভাবে ১১৮টি আসনে তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করায় এই শিবিরেও জোটবন্ধনের অনিশ্চয়তা তীব্রতর হয়েছে। কাল শুক্রবার মিটমাটের শেষ সম্ভাবনা।
বিজেপি-শিব সেনা জোট-জট কেটেও না কাটার মূলে ছোট চার দলের আসন সংখ্যা ও তার ভাগাভাগি। বিজেপি ১৩০ ও শিব সেনা ১৫১ আসনে রাজি হওয়ার পরের প্রশ্ন ছিল ‘মহাজোটের’ বাকি চার ছোট দলকে কী করে ৭টি আসন ভাগ করা যায়। চার দল ১৮টি আসনের দাবিদার ছিল। কিন্তু বিজেপি ও শিব সেনা তাদের ভাগ থেকে বাড়তি আসন দিতে নারাজ। বিজেপি শেষ পর্যন্ত আরো ৫টি আসন বাড়তি চায় শরিকদের জন্য। শিব সেনা বলে, তা হলে বিজেপিই তাদের ভাগ থেকে তা দিক। এই অবস্থায় চার ছোট দল ভোটে একলা চলোর হাঁক দেয়। পরিস্থিতি এখন যা, তাতে কোনোরকম মিটমাট হলে সেটাই হবে বড় অঘটন। মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি বলেছেন, আমরা সময়ের সঙ্গে লড়াই করছি। দেখা যাক কী হয়। মহারাষ্ট্র ও হরিয়াণায় ভোট ১৫ অক্টোবর। ২৫ তারিখ থেকে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর।
কংগ্রেস ও এনসিপির টানাপোড়েনও অব্যাহত। এনসিপি ১৪৪ আসন চায়। সঙ্গে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রিত্ব। কংগ্রেস এই প্রস্তাব অন্যাঘ্য মনে করে। এনসিপি নেতা শারদ পাওয়ার আবার তলে তলে বিজেপির সঙ্গে কথা চালাচ্ছেন বলে খবর। সেটা অবশ্য ভোট পরবর্তী আঁতাতের দিকে নজর রেখে। জরিপ অনুযায়ী, জোট হলে বিজেপি-শিব সেনাকে ঠোকানো অসম্ভব। ২০০-রও বেশি আসন তারা পাবেই। কিন্তু অমিত শাহর হিসেব অনুযায়ী, নরেন্দ্র মোদিতে ভর দিয়ে একলা লড়লে বিজেপি ১২০ থেকে ১৫০ আসনে জিততে পারে। এই ঝুঁকি নিতে অমিত শাহ প্রস্তুত। শিব সেনার অঙ্ক আবার ঠিক উল্টো। এই অবস্থায় চার বড় দল আলাদা লড়লে ভোট ভাগাভাগিতে কংগ্রেসের হাল মন্দের ভাল হবে বলে দলীয় নেতাদের ধারণা। শেষ পর্যন্ত সবাই একলা চলো নীতি নিলে মহারাষ্ট্রের ভোট নতুন মাত্রা পাবে।