মহারাষ্ট্র পৌরসভার ভোটের ফল কংগ্রেস দলকে নতুন চিন্তায় ফেলে দিয়েছে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের পৌরসভাটি দখলে রাখার তাগিদে শিবসেনা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের সঙ্গে সমর্থন নিয়ে আলোচনা শুরু করেছে। এই অবস্থায় কী করবে কংগ্রেস হাইকমান্ড—এ প্রশ্ন পাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
ভারতের সবচেয়ে ধনী পৌরসভা মুম্বাইয়ের নির্বাচনে বিজেপি ও শিবসেনা এবার জোট ভেঙে লড়াই করেছে। সেই ১৯৯৭ সাল থেকে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের পর এই বিচ্ছেদ দুই দলের কাউকেই সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। ২২৭ আসনের পৌরসভায় শিবসেনা পেয়েছে ৮৪ ও বিজেপি ৮২টি আসন। কংগ্রেস পায় ৩১, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ১৪, এনসিপি ৭ ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯টি আসন। অবস্থা এমন যে পৌরসভা দখলে রাখতে গেলে বিজেপি ও শিবসেনাকে হয় আগের মতো জোটবদ্ধ হতে হবে, নয় প্রয়োজন কংগ্রেসের সমর্থন। বিজেপিকে সমর্থন দেওয়ার প্রশ্ন কংগ্রেসের নেই। আর সেখানেই কংগ্রেসের সমর্থন নেওয়ার ভাবনা ভেসে উঠেছে শিবসেনার একাংশের মধ্যে। একই ভাবনা কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের একাংশেও। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড।
শিবসেনা ও কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সূত্রের খবর, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের একাংশের সঙ্গে সমর্থন নিয়ে প্রাথমিক কথা বলেছে। লক্ষ্য বিজেপি রোখা। বিনিময়ে কংগ্রেসকে ডেপুটি মেয়রের পদ ছাড়তে শিবসেনা প্রস্তুত।
মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি সাবেক মুখ্যমন্ত্রী অশোক চৌহান শুক্রবার এক বৈঠক ডাকেন। ওই বৈঠকের আগে অশোক চৌহানের ঘনিষ্ঠ নেতা বিধায়ক আবদুস সাত্তার সংবাদমাধ্যমকে বলেন, শিবসেনা আনুষ্ঠানিকভাবে সমর্থন চাইলে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব প্রদেশ নেতৃত্ব হাইকমান্ডের কাছে পাঠাবে। সবার চোখ এখন তাই কেন্দ্রে।
বিজেপিকে রোখা কংগ্রেসের নীতি হলেও দলটি বরাবরই শিবসেনার উগ্র প্রাদেশিকতা আর কট্টর জাতীয়তাবাদী রাজনীতির বিরোধী। কংগ্রেসসহ অনেকেরই বরাবরের বিশ্বাস, শিবসেনা ও বিজেপি স্বাভাবিক মিত্র। তবে দুই দলের সম্পর্ক ইদানীং বেশ তিক্ত। এই অবস্থায় বিজেপির সঙ্গ ত্যাগ করে শিবসেনা যদি বেরিয়ে আসে, কেন্দ্রীয় সরকারের সঙ্গেও যদি সম্পর্ক ছিন্ন করে এবং কংগ্রেসের সমর্থন চায়, তাহলে ভাবনার অবকাশ একটা থেকেই যাচ্ছে।
তবে এ ক্ষেত্রেও কংগ্রেসের চিন্তা উত্তর প্রদেশের ভোট। মুম্বাইয়ের মেয়র নির্বাচন ৯ মার্চ। তার আগের দিন হবে উত্তর প্রদেশের শেষ দফার ভোট। তার আগে শিবসেনার হাত মেলানোর প্রস্তাব বিবেচনা করলে রাজ্যের মুসলমানদের সমর্থন পাওয়া কংগ্রেসের পক্ষে কঠিন হয়ে দাঁড়াতে পারে।
শিবসেনার এক সূত্র বলেছে, এনডিএতে থাকলেও অতীতে দল জোট থেকে বেরিয়ে কংগ্রেসের রাষ্ট্রপতি প্রার্থী প্রতিভা পাতিল ও প্রণব মুখার্জিকে সমর্থন জানিয়েছে। কাজেই কংগ্রেসও তাদের মেয়রকে সমর্থন জানাবে এই আশা তারা করতেই পারে।
গরিষ্ঠতা পেতে হলে ১১৪ জনের সমর্থন প্রয়োজন। বিজেপি-শিবসেনা একজোট হলে সমস্যা নেই। কিন্তু কংগ্রেস যদি সমর্থন না দেয়, তাহলে শিবসেনাকে বাকি প্রত্যেকের সমর্থন নিতে হবে। তারা ইতিমধ্যে এনসিপির সঙ্গে কথা শুরু করে দিয়েছে। বসে নেই বিজেপিও। এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, শিবসেনা ও কংগ্রেস ছাড়া বাকি সবার সমর্থন পেলেও তারা গরিষ্ঠতা পাবে না। বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উদ্ধব ঠাকরে দুজনেই অভিজ্ঞ নেতা। পরিস্থিতির বিচারে তাঁরা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন।