মহারাষ্ট্রে ভাঙনের মুখে বিজেপি-শিবসেনা জোট
শিবসেনার সঙ্গে রাজ্যে জোট থাকবে কি না, তা নিয়ে আলোচনা ও নির্দেশ পেতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লি এসেছেন।
মহারাষ্ট্রে বিজেপি সরকারের শরিক হলেও শিবসেনা সম্প্রতি নানা বিষয়ে বিজেপির তীব্র বিরোধিতা শুরু করেছে। বিরোধিতার মাত্রা এতটাই যে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বই প্রকাশের অন্যতম আয়োজক বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালিও লেপে দিয়েছে। এর আগে তারা পাকিস্তানি গজলশিল্পী গুলাম আলীর অনুষ্ঠানও বন্ধের হুমকি দেয়, যার ফলে অনুষ্ঠান বাতিল হয়ে যায়। ক্রমে বেড়ে চলা দূরত্বের কারণেই শিবসেনা জানিয়ে দেয়, মুম্বায়ের লাগোয়া কল্যাণ-ডোম্বিভালি পৌরসভার ভোটে তারা একাই লড়বে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে শিবসেনা এই পৌরসভা দখল করেছিল।
বৃহস্পতিবার মুম্বাইয়ে দলীয় নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস একদফা আলোচনায় বসেন। তারপরই তিনি দিল্লি রওনা দেন। শিবসেনার সঙ্গে জোট রাখা হবে কি না, তাদের মন্ত্রীদের রাজ্য মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হবে কি না—এসব নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন। এ বিষয়ে একা কোনো সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ, শিবসেনা কেন্দ্রীয় মন্ত্রিসভারও শরিক।
অবশ্য এটা ঠিক, দলের অধিকাংশই শিবসেনার আচরণে অত্যন্ত বিরক্ত। গুজরাট দাঙ্গা ও গোধরা-কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে সমালোচনা শিবসেনা করেছে, তাতে কেন্দ্রীয় নেতাদের মধ্যেও বিরক্তি দেখা দিয়েছে।