মহারাষ্ট্রে ভূমিধস, শতাধিক লোকের চাপা পড়ার আশঙ্কা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের মালিন গ্রামে ভূমিধসে ১৫০ জনেরও বেশি মানুষ চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে ভারী বৃষ্টিও হচ্ছে।
জাতীয় দুর্যোগ-ব্যবস্থাপনা বিভাগের (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) আঞ্চলিক কর্মকর্তা অলোক অবস্তি বলেন, ভূমিধসে ওই গ্রামের ৪২ থেকে ৫০টি ঘর চাপা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে উদ্ধারকারী দল কাজ করছে বলে তিনি জানান। তবে গ্রামটি যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা কঠিন হয়ে পড়েছে।
এএফপিতে প্রকাশিত প্রতিবেদনে ভারতের টিভি চ্যানেল সিএনএন-আইবিএন জানায়, ভূমিধসে পাঁচজন নিহত হয়েছে। আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা সৌরভ রাও বলেন, আটকে পড়াদের উদ্ধার করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে ৩০টিরও বেশি অ্যাম্বুলেন্স গেছে।
রাও আরও বলেন, ভূমিধসে আটকে পড়া মানুষদের যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য ধীরগতিতে উদ্ধারকাজ চলছে । গত বছর ভারতের উত্তরাখন্ডে বন্যা ও ভূমিধসে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়।