মহারাষ্ট্রে শরিক বাছাইয়ে সময় নিচ্ছে বিজেপি
ভারতের মহারাষ্ট্র রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে বিজয়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনে সহযোগী খুঁজতে সময় নিচ্ছে। নির্বাচনের আগে আসন ভাগাভাগির দ্বন্দ্বে বিজেপির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছিল যে শিবসেনা এখন সরকারে যোগ দিতে উঠেপড়ে লেগেছে তারাই। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
গত ১৫ অক্টোবর হরিয়ানা ও মহারাষ্ট্রের রাজ্য বিধানসভার নির্বাচন হয়। এরপর গত রোববার ঘোষিত ফলাফলে মহারাষ্ট্রে বিজেপি ২৮৮ আসনের বিধানসভায় ১২৩টি আসন পায়। এখন সরকার গঠন করতে দলটির দরকার ২২টি আসন। ফলাফল ঘোষণার সময়ই মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসসিপি) বিজেপির প্রতি নিঃশর্ত সমর্থন দেয়। এতে শিবসেনার আবেদন কমে গেছে বিজেপির কাছে। ১৯৯৫ ও ১৯৯৯ এই দুই মেয়াদে এ রাজ্যে শিবসেনার সহযোগী ছিল বিজেপি। তবে গত লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের পর বিজেপি আর ‘ছোট সহযোগী’ হিসেবে থাকতে চায়নি। শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে বিজেপির এই চাওয়া মেনে নিতে পারেননি। ফলে নির্বাচনের আগে গত সেপ্টেম্বরে ২৫ বছরের বিজেপি-শিবসেনা জোট ভেঙে যায়।
গত রোববার সন্ধ্যায়ই উদ্ধব ঠাকরে আগ বাড়িয়ে অমিত শাহকে ফোন করে অতীত ভুলে যাওয়ার জন্য অনুরোধ করেন। বিজেপি সহজেই অতীত ভুলে যাবে, নাকি এনসিপির সমর্থন নেবে এখন সেই বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় দলটি।