মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় রেড অ্যালার্ট
ভারতের পশ্চিম নৌ কমান্ড মহারাষ্ট্রের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। আজ বৃহস্পতিবার সকালে এই নির্দেশ জারি করা হয়। মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে উপকূলবর্তী উড়ান অঞ্চলের একটি স্কুলের ছাত্রছাত্রীরা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখার পর এই সতর্কতা জারি করা হয়।
ভারতীয় নৌবাহিনীর শীর্ষস্থানীয় কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। মহারাষ্ট্রের উপকূলবর্তী মুম্বাই, নবি মুম্বাই, থানে এবং রায়গড় অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানো শুরু হয়েছে। এ কাজে বাহিনীকে সাহায্য করতে হেলিকপ্টারও নামানো হয়েছে।
পাকিস্তান থেকে সমুদ্রপথে আসা সন্ত্রাসীরা ২০০৮ সালে মুম্বাইয়ে হামলা চালিয়েছিল। এতে নিহত হয়েছিলেন ১৬৬ জন ভারতীয়। সেই থেকে সমুদ্রপথে নজরদারি বাড়ানো হয়েছে। আজ সকালে খবর জানার পর বাহিনী আরও সজাগ। উড়ানের যে স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা গেছে বলে খবর, সেখানে শুধু নৌবাহিনীর ঘাঁটিই যে রয়েছে তা নয়, উড়ানে জওহরলাল নেহরু বন্দরে রয়েছে দেশের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল। তা ছাড়া কাছেই রয়েছে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র। নৌবাহিনীর সূত্র জানিয়েছেন, মহারাষ্ট্র পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যৌথভাবে তল্লাশি চালানো হচ্ছে।
মহারাষ্ট্র পুলিশের মহাপরিচালক সতীশ মাথুর সংবাদমাধ্যমকে বলেছেন, সকাল সাড়ে ছয়টা নাগাদ সন্দেহভাজন ব্যক্তিদের স্কুলের দুজন ছাত্রছাত্রী দেখে। তাদের বয়ান অনুযায়ী, ওই দলে মোট পাঁচজন ছিল। তাদের পরনে ছিল সামরিক ও পাঠান পোশাক। হাতে ছিল অস্ত্র। মুখে কাপড় বাঁধা। কাঁধে ব্যাগ। তারা ভিন দেশি ভাষায় কথা বলছিল।
উরি হামলার যোগ্য জবাব কূটনৈতিক স্তরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত নিজেকে সব রকমভাবে প্রস্তুত রাখছে। পশ্চিম সীমান্তের সব ঘাঁটিতে অতিরিক্ত সেনানী মোতায়েন করা হয়েছে। বাতিল করা হয়েছে সব ধরনের ছুটি। নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কিছু জায়গায় গ্রামবাসীদের জানানো হয়েছে, অল্প সময়ের নোটিশে তাঁদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সাউথ ব্লকের ওয়ার রুমে দুই ঘণ্টা সময় কাটিয়েছেন। সেখানে প্রতিরক্ষা বাহিনীর তিন প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ অন্যান্য শীর্ষ কর্তা। সামরিকভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে গেলে কোন কোন ঘাঁটির দিকে নজর দেওয়া দরকার, সেখানে প্রধানত এসব নিয়েই আলোচনা হয়। একটি সূত্র বলেছে, যুদ্ধকালীন ও গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ওয়ার রুমে এমন ধরনের বৈঠক হয়েই থাকে।
সব রকমের পরিস্থিতির জন্য সতর্ক থাকলেও ভারত অবশ্য কূটনৈতিক স্তরে চাপ বাড়িয়ে পাকিস্তানকে একঘরে করে আরও কোণঠাসা করার যাবতীয় কৌশল নিয়েছে। সেই সঙ্গে চাইছে জাতিসংঘকে দিয়ে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করিয়ে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করাতে।