মহারাষ্ট্রের জট কেটেও কাটল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহারাষ্ট্রের জট কেটেও কাটল না। বিজেপিকে শিবসেনা জানিয়ে দিল, ১৫০ আসনের কমে তারা কিছুতেই নির্বাচনে লড়বে না। চার ছোট দলকে জোটসঙ্গী হিসেবে যদি রাখতেই হয়, তাহলে বিজেপি নিজেদের আসন থেকে তাদের ভাগ দিক। শিবসেনার এই মনোভাবে বিজেপি হতাশ। হতাশ চার ছোট দলও, যাদের নিয়ে এ দুই ২৫ বছরের সঙ্গী মহারাষ্ট্রে মহাজোট গঠনে উদ্যোগী হয়েছিল।
বিজেপি-শিবসেনার মতো জটিলতা তাদের প্রবল প্রতিপক্ষ কংগ্রেস-এনসিপিতেও। ভোট গ্রহণের আর মাত্র ২০ দিন বাকি থাকলেও বুধবার রাত পর্যন্ত দুই দল আসন নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। এনসিপি ১৪৪টি আসনের কমে রাজি নয়। তার ওপর এই প্রথম তারা মুখ্যমন্ত্রীর পদেও আগ্রহ দেখাল। দলের পক্ষ থেকে কংগ্রেসকে জানিয়ে দেওয়া হয়েছে, জোট ক্ষমতায় এলে দুই দলই পালা করে মুখ্যমন্ত্রী বাছবে। কংগ্রেস এই শর্তে কিছু না বললেও তারা এনসিপির সঙ্গে ৫০-৫০ আসন ভাগাভাগিতে রাজি নয়। মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে আরও একবার কথা বলবে এনসিপি। তার আগে গতকাল তারা জানিয়েছে, ১৪৪ আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত।
দুই জোট শক্তির এই দোলাচলের প্রেক্ষাপটে এনসিপিতে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে চাচা-ভাইপোর লড়াইও প্রকাশ্যে এসে পড়েছে। চাচা শারদ পাওয়ার চান না ভাইপো অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী পদের আগাম প্রতিশ্রুতি দিতে। সব মিলিয়ে সব দিকেই জোট-জট অব্যাহত।