মা-বাবাও চান ধর্ষক ছেলের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নির্বাহীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ট্যাক্সিচালক শিব কুমার যাদবের মা-বাবা ছেলে অপরাধ করে থাকলে তাঁর শাস্তি চেয়েছেন। তবে এ জন্য যেন তাঁদের নাজেহাল করা না হয়, সেই অনুরোধও জানিয়েছেন। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

উত্তর প্রদেশের রামনগরে গ্রেপ্তার হওয়া চালক শিবের বাড়ি গিয়ে দেখা গেল, তাঁর বৃদ্ধ বাবা-মা বেশ অসহনীয় পরিস্থিতিতে আছেন। সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ৭৬ বছর বয়সী রামনাথ এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। সবার কাছে বেশ শ্রদ্ধেয় ব্যক্তিও। কিন্তু ছেলের এমন কুকর্মে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে তাঁর। অথচ এমনটা তাঁর প্রাপ্য ছিল না বলে গ্রামবাসী বলেছেন।

এই বাবা বলেন, ‘যদি ছেলে অপরাধ করে, আমাদের দোষটা কী? অপরাধীর বাবা-মাও যদি দোষী হয়, আমাকে ফাঁসিতে ঝোলান, নইলে আমি নিজেই ফাঁসিতে ঝুলব।’ তবে বাবার আশা, একদিন ছেলে সুপথে ফিরবে। শিবের মা ৭০ বছর বয়সী গঙ্গাশ্রীও জানালেন, ছেলের কলঙ্কের বোঝা তাঁরা বইতে পারছেন না।

ঘটনা জানার পর থেকে এই বৃদ্ধ দম্পতি আর বাড়ির বাইরে বের হননি। স্বজনেরা আসছেন, সাবেক ছাত্ররা এসে সান্ত্বনা জানাচ্ছেন। রামনাথ তেমন কিছু খাচ্ছেন না, আর গঙ্গাশ্রীও কেবল চোখের পানি ফেলছেন। তিনি বলছেন, ‘আমার পেট থেকে সে হয়েছে। আমি জানি না সে অপরাধী কি না। যদি সে অপরাধী হয়, তাহলে অবশ্যই যেন তাঁর শাস্তি হয়। আমি কেন শাস্তি পাব?’
রামনাথ বললেন, ‘বিপথে যাওয়া ছেলেকে নিয়ে গ্রামবাসী আপত্তি তুলতে কয়েক বছর আগে তাঁরা শিবকে বাড়ি থেকে চলে যেতে বলেন। ২০১৩ সালের পর সে কখনো বাড়ি আসেনি। সে কখনো ফোনেও যোগাযোগ করত না। কোনো আর্থিক সহায়তাও করে না। উল্টো গাড়ি কেনার জন্য টাকা চাইলে আমি দিইনি।’

আশুতোষ সিং নামের এক গ্রামবাসী বললেন, ‘এই দম্পতি খুবই ভালো। কয়েক বছর আগে তাঁদের বড় যে সন্তান মারা গেল, সেও খুব ভালো ছিল। শিব কুমারই শুধু খারাপ। আমরা মাস্টার রামনাথের সঙ্গে আছি।’

ভারতের দিল্লিতে আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের এক নির্বাহীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ট্যাক্সিচালক শিব কুমার যাদব (৩২) আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। ২০১১ সালে ধর্ষণের দায়ে তিনি তিহার কারাগারে সাত মাস জেল খেটেছেন।

দিল্লিতে গত শুক্রবার রাতে ট্যাক্সিক্যাবে করে বাড়ি ফেরার পথে চালকের ধর্ষণের শিকার হন ২৭ বছর বয়সী ওই চাকরিজীবী নারী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত রোববার চালক শিব কুমার যাদবকে মথুরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গত শুক্রবার রাতে দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্যাক্সিতে করে উত্তর দিল্লির ইন্দ্রলোকে নিজেদের বাড়ি ফিরছিলেন ওই নারী। ওই ট্যাক্সিটি তিনি মোবাইল অ্যাপ ব্যবহার করে বুকিং দিয়েছিলেন। বুকিং করা গাড়িটি তাঁকে নিয়ে বাড়ি যাওয়ার পথে রাত ১১টা থেকে পৌনে একটার মধ্যে কোনো একসময় ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার সময় অন্ধকারের কারণে কোন স্থানে ঘটনাটি ঘটেছে, ওই নারী তা শনাক্ত করতে পারেননি।

ওই নারী তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। দীর্ঘ দিন বিদেশে চাকরি শেষে তাঁর বাবা সম্প্রতি ভারতে ফিরেছেন। ওই নারী বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমকম সম্পন্ন করে কর ও সেবা-সংক্রান্ত আন্তর্জাতিক এক পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করছিলেন।