মাওবাদীরা দার্জিলিংয়ে মোর্চার কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাদা গোর্খাল্যান্ড রাজ্য আদায়ের লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চা সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এ জন্য নেপালের মাওবাদীদের ভাড়া করে নিয়ে এসেছে মোর্চার নেতারা। মাওবাদীরা মোর্চা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে গোয়েন্দারা সরকারকে জানিয়েছেন। গোয়েন্দা সূত্রের এই খবর জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (অতিরিক্ত মহাপরিচালক, আইনশৃঙ্খলা) অনুজ শর্মা আজ রোববার বলেছেন, আন্দোলনকে আরও আগ্রাসী করতে বিদেশি মাওবাদীদের হাতে প্রশিক্ষিত মোর্চার মূল টার্গেট হতে পারে সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশ এবং সরকারি অফিসারদের ওপর হামলা। 

এক পুলিশ কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কমপক্ষে ৩০ জন ভাড়াটে মাওবাদী জঙ্গি নিয়ে এসেছে মোর্চা। গত কয়েক বছর ধরে তারা প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করেছে। মোর্চা তলেতলে পাহাড়ের আন্দোলন সম্পূর্ণ সশস্ত্র করার ছক কষেছে বলেও গোয়েন্দারা জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা বলেছেন, পুলিশ এবং সরকারি কর্মীদের ওপর হামলা, সরকারি সম্পত্তি পোড়ানো মাওবাদী হামলার একটা রীতি। তবে পুলিশের এ অভিযোগ উড়িয়ে দিয়ে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেছেন, ‘সব মিথ্যা। রাজ্য সরকার অপবাদ দিচ্ছে এবং আন্দোলন বিপথে চালনা করার চেষ্টা করছে।’
এদিকে পাহাড়ে প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে দাবি করেছেন জন-আন্দোলন পার্টির (জাপ) নেতা হরকাবাহাদুর ছেত্রী। তিনি বলেছেন, ‘খাদ্য নেই, বহির্বিশ্ব সম্পর্কে কোনো তথ্য জানার সুযোগ নেই। পাহাড়বাসীর মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে।’ সেই সঙ্গে তিনি মোর্চার হিংসাত্মক আন্দোলনের বিরুদ্ধে সরব হয়েছেন।
দার্জিলিংয়ে গত ৩৯ দিন ধরে ধর্মঘট আন্দোলন চলছে। আন্দোলনে নয়জন মোর্চা-সমর্থক মারা গেছেন বলে অভিযোগ করেছে মোর্চা। ধর্মঘটের পাশাপাশি চলছে আমরণ অনশন।