মাছের ঘেরে ইলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলায় একটি বিলের ভেতরে মাছের ঘেরে মিলছে ইলিশ মাছ। জেলার স্বরূপনগর থানাধীন চারঘাট গ্রামে ঢিপির বিলে সঞ্জয় বিশ্বাস নামের এক ব্যক্তির ঘেরে গত ১০-১২ দিন ধরে জালে ইলিশ ধরা পড়ছে। এসব ইলিশের ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম।
সঞ্জয় বিশ্বাস জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ৪০০ ইলিশ ধরা পড়েছে তাঁদের জালে। ২৮০ বিঘার ওই ঘেরে তিনি রুই, কাতলা, মৃগেল, পারশে, ভেটকি, চিংড়ি ও তেলাপিয়া মাছের চাষ করে থাকেন। ১০ দিন আগে হঠাৎ তাঁর জালে একটি ইলিশ ওঠায় তিনিসহ স্থানীয় লোকজন বিস্মিত হন। তিনি বলেন, গত জুলাইয়ে অতিরিক্ত বর্ষার কারণে ইছামতী নদীর পানি তাঁর ঘেরে ঢুকে পড়ে। ওই সময় সম্ভবত ঝাঁকে ঝাঁকে ইলিশ ঘেরটিতে চলে আসে। এখন জালে সেগুলো ধরা পড়ছে।
সঞ্জয় বিশ্বাসের সঙ্গে কর্মরত আরেক মাছচাষি জানান, ‘প্রথম দিন মাছটি দেখে আমরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। ওই দিন আমরা ইলিশটিকে ভেজে ঘেরে কর্মরত ১০ জন মিলে খেয়েছিলাম।’
খবর পেয়ে গত রোববার ওই ঘেরে মাছ ধরা দেখতে যান সাংবাদিকেরা। ওই দিন তাঁরা জালে অন্যান্য মাছের সঙ্গে আটটি ইলিশও উঠে আসতে দেখেন।
সঞ্জয় বিশ্বাস বলেন, তিনি শুনেছেন স্বাদু পানিতে ইলিশ চাষের জন্য এখন গবেষণা চলছে। এই গবেষণা সফল হলে ইলিশ চাষে নতুন যুগের সূচনা হবে। পশ্চিমবঙ্গের হিলসা ফিস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস প্রথম আলোকে বলেন, ‘এবার ইলিশ যদি মিষ্টি জলে চাষ করা যায় এবং ইলিশের উৎপাদন করা যায় তবে সেই আনন্দের আর শেষ হবে না ভোজনপ্রিয় বাঙালির।’