মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে লড়াই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে ভারতের কূটনৈতিক দপ্তরে (কনস্যুলেট) হামলাকারী জঙ্গিদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর লড়াই ২৫ ঘণ্টার মাথায় গতকাল সোমবার রাতে শেষ হয়েছে। স্থানীয় পুলিশপ্রধান সায়েদ কামাল সাদাত বলেছেন, হামলাকারী সন্ত্রাসীদের সবাই নিহত হয়েছে। খবর এএফপির।

সরকারের মুখপাত্র শির জান দুররানি বলেন, কাছাকাছি একটি ভবন থেকে রোববার রাতে ওই কনস্যুলেটে হামলা শুরু হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সশস্ত্র চার হামলাকারী নিহত হয়েছে।

এখন পর্যন্ত কোনো সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি। ওই ঘটনায় প্রায় সাতজন আহত হয়েছে। ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার দুই দিন না যেতেই গত রোববার সন্ধ্যার পর আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে ওই জঙ্গি হামলা চালানো হয়। পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার ঘটনায় ভারতের সাত সেনাসদস্য ও ছয় হামলাকারীসহ মোট ১৩ জন নিহত হয়।

আফগানিস্তানের বালখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির আহমেদ ফরহাদ বলেন, হামলাকারীরা কনস্যুলেটের কাছের একটি বাড়িতে লুকিয়ে ছিল। দিনের আলো নিভে আসতেই তারা হামলা চালায়। হামলাকারী চারজন ছিল। হামলার পরপরই সন্ত্রাসীরা কনস্যুলেটের ভেতরে ঢোকার চেষ্টা করেও সফল হয়নি।

আল-জাজিরার খবরে বলা হয়, সন্ত্রাসীরা গতকালও মাজার-ই-শরিফের ওই কনস্যুলেটে ঢোকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের লড়াই আরও তীব্র হয়। কনস্যুলেটের কর্মীরা নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন ভারতীয় কনসাল জেনারেল।

পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে আরও বলা হয়, রোববার সন্ধ্যায় ওই হামলা শুরুর পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেধে যাওয়া সংঘর্ষ ওই দিন রাতে স্তিমিত হয়ে আসে। বালখের গভর্নর হামলাকারীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন। লড়াইয়ে ঠিক কতজন সন্ত্রাসী অংশ নিয়েছে, তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে থেমে থেমে বড় ধরনের বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। এ সময় জায়গাটি ঘিরে রাখে আফগান বিশেষ বাহিনী।

আফগানিস্তানে ভারতীয় কোনো দপ্তরে এটাই সর্বশেষ হামলার ঘটনা। এর আগে ২০১৩ সালের আগস্ট মাসে আফগান শহর জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে গাড়িবোমা হামলায় সাত শিশুসহ নয়জন নিহত হন।