মাত্র ১০ দিনের গোলা আছে ভারতীয় বাহিনীর
ভারতের সেনাবাহিনীর হাতে মাত্র ১০ দিন যুদ্ধ চালানোর মতো গোলাবারুদ আছে। গত শুক্রবার এ চিত্র পার্লামেন্টে তুলে ধরেছেন দেশটির কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং সিকিম সীমান্তে চীনা সেনাবাহিনীর সঙ্গে মাসব্যাপী চলা অচলাবস্থার মধ্যে এই তথ্য প্রকাশ পেল।
ভারতের সিএজি সেনাবাহিনীতে গোলাবারুদের মারাত্মক ঘাটতির চিত্র তুলে ধরে অস্ত্র উৎপাদন ও উন্নয়নে নিয়োজিত অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের (ওএফবি) কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে। সাংবিধানিক এই সংস্থাটি বলেছে, ২০১৩ সালের পর ওএফবির আওতাধীন কারখানাগুলোর কাজে কোনো উন্নতি হয়নি।
দেশের শীর্ষ হিসাব নিরীক্ষক গোলাবারুদের ঘাটতির চিত্র পার্লামেন্টকে জানানোর পরদিন বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, ট্যাংক ও গোলন্দাজ বাহিনীর জন্য প্রয়োজনীয় গোলার চালান আগামী মাসের শুরুর দিকেই আসা শুরু হবে। বলা হয়ে থাকে, প্রচণ্ড যুদ্ধের জন্য ৪০ দিনের গোলাবারুদ মজুত থাকা আদর্শ। বিভিন্ন সূত্র বলছে, আগামী বছরের শেষে তাও চলে আসবে।
এদিকে ভারতে তৈরি বোফর্স কামান ধনুশের জন্য জার্মানির তৈরি বলে সস্তা চীনা যন্ত্রাংশ সরবরাহের অভিযোগে দিল্লির বেসরকারি প্রতিষ্ঠান সিন্ধ সেলস সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে সিবিআই। এ কাজে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রদেশে অবস্থিত অস্ত্র কারখানা গানস ক্যারিজ ফ্যাক্টরির (জিসিএফ) কয়েকজনের বিরুদ্ধেও মামলা করেছে কেন্দ্রীয় এ তদন্তকারী সংস্থা।