মাত্রাছাড়া আয় বাড়া জনপ্রতিনিধিদের নাম জানানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে জনপ্রতিনিধিদের একাংশের মাত্রাছাড়া সম্পত্তি অর্জনের কথা মেনে নিল কেন্দ্রীয় সরকার। সরকারের অধীন সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) গতকাল সোমবার সুপ্রিম কোর্টকে জানায়, তদন্তে যাঁদের বিরুদ্ধে বিপুল সম্পত্তি অর্জনের প্রমাণ মিলেছে, তাঁদের নাম আদালতকে জানানো হবে।

সিবিডিটি বলে, লোকসভার সাতজন এবং বিভিন্ন রাজ্যের ৯৮ জন বিধায়কের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভোটে জেতার পর তাঁদের আয় মাত্রাছাড়া বেড়েছে। বেড়েছে সম্পত্তির পরিমাণও। এ ছাড়া আরও ৯ জন লোকসভা, ১১ জন রাজ্যসভা ও ৪২ জন বিধায়কের সম্পত্তির ব্যাপারেও তদন্ত চলছে। তদন্ত শেষে তাঁদেরও নাম আদালতকে জানানো হবে বলে জানায় সিবিডিটি।

লক্ষ্ণৌয়ের একটি সংগঠন ‘লোক প্রহরী’র অভিযোগ, ভোটে জেতার পর ২৬ জন লোকসভা, ১১ জন রাজ্যসভা এবং ২৫৭ জন বিধায়কের আয় প্রচুর বেড়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের পেশ করা হলফনামার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। জনস্বার্থ মামলাও করা হয় এরই ভিত্তিতে। গত সপ্তাহে এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জে চেলামেশ্বরের বেঞ্চ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।