মানবতার শত্রুরা হামলা চালিয়েছে: নরেন্দ্র মোদি
ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে ‘মানবতার শত্রুরা’ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই শত্রুদের পরাজিত করার শক্তি ভারতীয় বাহিনীর আছে বলে হুঁশিয়ারি জনগণকে আশ্বস্ত করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাঠানকোটে আজ শনিবার ভোরে সেনা-পোশাকধারী বেশ কয়েকজন সন্ত্রাসী এই ঘাঁটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের মোকাবিলা করতে গিয়ে পাল্টা গুলি ছোড়েন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। দুপক্ষের গুলিবিনিময়ে পাঁচজন সন্ত্রাসী ও তিন সেনা নিহত হন। কোনো পক্ষ হামলার দায় স্বীকার না করলেও অভিযোগ উঠেছে, পাকিস্তানের মদদপুষ্ট কট্টরপন্থী সংগঠন জৈশ-এ-মহম্মদই এই হামলার জন্য দায়ী।
মোদি বলেন, ‘মানবতার শত্রু, যারা ভারতের উন্নতি দেখতে চায় না, তারা আমাদের কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালাচ্ছে। আমি আমাদের বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা শত্রুদের আক্রমণ নস্যাৎ করে দিয়েছে।’ মোদি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী শত্রুদের সফল হতে দেয়নি।’ তিনি বলেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, শত্রুদের পরাজিত করার শক্তি আমাদের সশস্ত্র বাহিনীর আছে।’
এদিকে পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান।