মানসিক ভারসাম্য হারাচ্ছে সেই হর্ষিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হর্ষিত শর্মা। ছবি: সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নেওয়া
হর্ষিত শর্মা। ছবি: সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নেওয়া

গুগলে চাকরি হয়েছে বলে ভুয়া তথ্য পাওয়া ভারতের সেই স্কুলছাত্র হর্ষিত শর্মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এ জন্য হাসপাতালে রেখে ১৬ বছর বয়সী হর্ষিতকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় তার শিক্ষক বাবা-মা ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা জানিয়েছেন, ওই ঘটনার পর তাঁদের সহকর্মী, আত্মীয় ও প্রতিবেশীদের কাছে উপহাসের পাত্র হয়ে পড়েছেন। এতে করে তাঁদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন তাঁরা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ আগস্ট হর্ষিতকে আম্বালার পাটনায়েক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে তাকে ৭ আগস্ট হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক আর. কে. পাটনায়েক তার চিকিৎসা করেন। তিনি জানান, ‘ছেলেটিকে বিভ্রান্ত অবস্থায় এখানে আনা হয়েছিল। সে কাউকে চিনতে পারছিল না, খাবার খেতে চাইছিল না এবং চিকিৎসায় কোনো ধরনের সহযোগিতা করছিল না। তবে বর্তমানে সে কিছুটা ভালোর দিকে।’

হর্ষিতের বাবাও বর্তমানে চণ্ডীগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। চারবার অস্ত্রোপচারের কারণে তাঁর মুখে সেলাই দেওয়া হয়েছে। ফলে তিনি এখন ঠিকমতো কথা বলতে পারছেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

হর্ষিতের বাবা-মা দুজনই শিক্ষক। তাঁদের পরিবার হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে থাকেন। হর্ষিতের বাবা রাজেন্দ্র কুমার শর্মা বলেন, ‘বিষয়টি গুগলের কাছ থেকে নিশ্চিত না হয়ে বাইরে জানানো উচিত হয়নি। আমিও এ ঘটনার জন্য দায়ী। এর দায় আমি এড়াতে পারি না।’

গত ২৯ জুলাই ইউটি প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে হর্ষিতের কৃতিত্ব অর্জনের বিষয়টি প্রকাশ করে। সেখানে বলা হয়, হর্ষিতকে ইন্টারনেট জায়ান্ট গুগল প্রতি মাসে ১২ লাখ রুপি বেতন প্রদান করবে। প্রশিক্ষণের সময় তাকে প্রতি মাসে ৪ লাখ রুপি দেওয়া হবে। প্রথমে বিষয়টি তার স্কুল থেকে প্রকাশ করা হয়। পরে সেটি অন্যদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনার তিন দিন পর হর্ষিতের প্রশিক্ষণ ও চাকরি কথা অস্বীকার করে গুগল।

এমনকি এখন তার চাকরির চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল থেকে যে চিঠিটি গণমাধ্যমকে সরবরাহ করা হয়েছিল, সেটি হর্ষিত নিজেই একজন শিক্ষককে দিয়েছিলেন। ওই চিঠিতে বেশ কয়েকটি ভুল আছে এবং এতে কোনো বেতনের কথা উল্লেখ নেই বলে দাবি করা হয়েছে।

তবে তার বাবা-মা প্রিন্সিপালকে দোষ দিতে চান না। কারণ, তাঁরা মনে করেন তিনি সম্ভবত ওই খবরে উত্তেজিত হয়ে পড়েছিলেন স্কুলের জন্য সবচেয়ে ভালো একটি খবর পেয়ে। হর্ষিতের মা ভারতী শর্মা বলেন, ‘ওই ঘটনার পর হর্ষিত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জানার পরও প্রিন্সিপাল এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।’ তিনি আরও বলেন, ‘আমিও একজন শিক্ষক। যখন কোনো শিক্ষার্থী কোনো প্রতিযোগিতায় জয়ী হয়, তখন আমরা কৃতিত্বের একটি প্রতিবেদন তৈরি করি, তার বাবা-মার কাছ থেকে মতামত গ্রহণ করি এবং তারপর সংবাদ প্রকাশ করি।’