ভারতের রোজভ্যালি কেলেঙ্কারিতে এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের গ্রেপ্তারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের দুই সাংসদ গ্রেপ্তার হওয়ার পর গত মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের ডেকে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন, কমিউনিস্ট নেতা মানিক সরকার সরাসরি যুক্ত চিটফান্ড কেলেঙ্কারিতে। বিভিন্ন সময়ে রোজভ্যালির পক্ষে মানিক সরকারের দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপিং সাংবাদিকদের সামনে তুলে ধরেন সুদীপ। তৃণমূল বিধায়কের অভিযোগ, সামান্য অভিযোগে তাঁর দলের সাংসদদের গ্রেপ্তার করা হলেও সিপিএমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নীরব। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের জেরে গতকাল উত্তাল হয়ে ওঠে কলকাতা। তৃণমূলের নেতা, কর্মী এবং সমর্থকেরা গতকাল রাজ্যজুড়েই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে শামিল হয়।