মায়ের কষ্টের কথা বলে কাঁদলেন নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র সফরের সময় ফেসবুক অফিসে গত রোববার নিজের শৈশবে মায়ের সাংসারিক কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ের কঠোর পরিশ্রমের প্রসঙ্গ তুলে এ সময় মোদি বলেন, সংসার চালাতে তাঁকে অন্যের বাড়ির বাসন মাজতে হতো। বলতে বলতে আর কান্না ধরে রাখতে পারেননি তিনি।
মায়ের কষ্টের কথা বলে নরেন্দ্র মোদির অশ্রুপাতের বিষয়টি মার্কিন শ্রোতাদর্শকদের পাশাপাশি ভারতের মানুষকেও আলোড়িত করে। তবে বিরোধী দল কংগ্রেস এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। দলটি গতকাল বলে, মোদির বাবা একটা ক্যানটিন চালাতেন। কিন্তু তিনি নিজে কবে চা বিক্রি করলেন? মা অন্যের বাড়িতে বাসন মাজতেন বলে মোদি যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। এ কথা বলে তিনি নিজের মাকেই অসম্মান করেছেন।
কংগ্রেস বলেছে, মোদি পরিবার সচ্ছল ছিল না হয়তো, কিন্তু তার অর্থ এই নয় যে তাঁর মাকে অন্যের বাড়িতে বাসন মাজতে হতো। কংগ্রেস নেতা আনন্দ শর্মা গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি খোঁজখবর নিয়ে দেখেছি, নিজের মা সম্পর্কে মোদি যা বলেছেন, তা সত্য নয়।’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে আনন্দ শর্মা বলেন, মোদি আদ্যন্ত নিজেকে নিয়ে আচ্ছন্ন। অন্যদের কথা তিনি ভাবতেই পারেন না। সারাক্ষণ তিনি শুধু ‘আমি আমি’করে চলেছেন। বিশ্বের আর কোনো নেতা এভাবে নিজেকে তুলে ধরেন না।
কংগ্রেসের এই ধরনের প্রতিক্রিয়ার কারণও অবশ্য মোদি। যুক্তরাষ্ট্র সফরকালে কংগ্রেসের শীর্ষ পরিবারের সদস্যদের নাম না করে দুর্নীতির প্রসঙ্গ প্রধানমন্ত্রী যেভাবে টেনে এনেছেন, তাতে কংগ্রেস ক্ষিপ্ত। মোদি বলেছেন, ‘আমাদের দেশে রাজনীতিকদের বিরুদ্ধে অভিযোগ উঠতে মোটেই সময় লাগে না। কেউ নাকি ৫০ কোটি কামিয়েছেন, কারও ছেলে ২৫০ কোটি, কারও মেয়ে ৫০০ কোটি, কারও জামাই হাজার কোটি!’
রাহুল গান্ধীকে নিয়ে তোলা বিজেপির প্রশ্নের জবাবও কংগ্রেস দিয়েছে গতকাল। দিন কয়েক আগে কংগ্রেস সহসভাপতি হঠাৎ যুক্তরাষ্ট্র পাড়ি দেন। তা নিয়ে বিজেপি ফের তাঁর অজ্ঞাতবাসের প্রসঙ্গ তুলেছিল। গতকাল রাহুলের অফিস থেকে তাঁর কয়েকটি ছবি টুইট করা হয়। সেখানে দেখা যায়, কংগ্রেস নেতা ব্যবসা-বিষয়ক এক সম্মেলনের মনোযোগী শ্রোতা।