ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানস্থলকে ‘উড্ডয়ন নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করার মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিল ভারত। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধান অতিথি থাকবেন। সেই কুচকাওয়াজের সময়টুকু অনুষ্ঠানস্থল রাজপথ সড়কের ওপরের আকাশে সব ধরনের উড়োজাহাজ চলা নিষিদ্ধ চেয়েছিল যুক্তরাষ্ট্র। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিমানবহরের কুচকাওয়াজ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের দীর্ঘদিনের রীতি—এই যুক্তি দেখিয়ে ভারত সেই দিবসে ওই এলাকাকে উড্ডয়ন নিষিদ্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ভারতীয় এক সূত্র বলেছে, ‘মার্কিন অনুরোধ রাখা একবারেই অসম্ভব, এটা তাদের জানিয়ে দেওয়া হয়েছে।’
ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সাধারণত দুই ইঞ্জিনবিশিষ্ট সামরিক বিমান বা হেলিকপ্টার প্রদর্শনীতে অংশ নেয়। রাজপথে এর সময় মাত্র ১০ মিনিট। এ ছাড়া বছরের অন্য সময় ভারতের রাষ্ট্রপতি ভবন, দক্ষিণ ও উত্তর ব্লক এলাকায় উড্ডয়ন নিষিদ্ধ থাকে।
এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ১৮টি যুদ্ধবিমান, পাঁচটি বিমান এবং ১০টি হেলিকপ্টার অংশ নেবে। মাটি থেকে ৬০ থেকে ৩০০ মিটার ওপর দিয়ে এগুলো উড়বে। বহরে থাকছে ভারতীয় নৌবাহিনীর প্রথম সুপারসনিক যুদ্ধবিমান মিগ-২৯কে, সুখোই-৩০ এমকেআই।