মার্চেই ভারত সফরে আসতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ছবি: রয়টার্স

চলতি মার্চ মাসের শেষ দিকেই ভারত সফর করতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারত সফরের আগে তিনি নেপাল সফর করতে পারেন। খবর এনডিটিভির।

ওয়াং ই ভারত সফর করলে এটি হবে দুই বছরের মধ্যে জ্যেষ্ঠ কোনো চীনা নেতার প্রথম সফর। দুই বছর আগে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) গালওয়ান উপত্যকায় দুই দেশের বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়। ওই পরিস্থিতি সমাধানে দেশ দুটি সামরিক পর্যায়ে সংলাপ চালিয়ে আসছে।

এই মাসের শুরুর দিকে ওয়াং ই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘কিছুটা নেতিবাচক’ পরিস্থিতির মুখে পড়েছে। ‘স্বচ্ছ ও সাম্যভিত্তিক’ সমঝোতায় পৌঁছাতে উভয় দেশের আন্তরিক আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ অবসানের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু শক্তি চীন ও ভারতের মধ্য উত্তেজনা বাড়াতে চায়।

সীমান্ত বিরোধ এবং দুই দেশের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক কিছুটা নেতিবাচক পরিস্থিতির মুখে পড়ে, যা দুই দেশ এবং দুই দেশের জনগণের কারও মৌলিক স্বার্থ রক্ষা করেনি।’

ওয়াং ই চীনের স্টেট কাউন্সিলরও। তিনি বলেন, চীন ও ভারতের ‘প্রতিপক্ষ হওয়ার চেয়ে বরং অংশীদার হওয়া’ উচিত।

গত ২০২০ সালের ৫ মে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ১৫ জুন হাতাহাতি-সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হন। শুরুতে এড়িয়ে গেলেও পরে নিজেদের সেনা হতাহতের কথা দাবি করে চীনও।

ওই ঘটনার পর থেকে দুই দেশেই সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং অবকাঠামো নির্মাণ বাড়িয়েছে। ভারত বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ ও চীনা অ্যাপ নিষিদ্ধ করলে সম্পর্কের আরও অবনতি হয়।