মাসুদ আজহারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি
ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছে। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) অনুরোধে গতকাল সোমবার এই নোটিশ জারি করা হয়।
মাসুদ আজহার ছাড়াও এই নোটিশে তাঁর ভাই আসাদ রউফ ও কাসিফ জান এবং শাহিদ লতিফের নাম রয়েছে। এনআইএর দাবি, পাঠানকোটে যারা হামলা চালিয়েছিল, এই অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তারা সারাক্ষণ যোগাযোগ করেছে। টেলিফোনে কথাবার্তার সেই প্রমাণ তাদের কাছে রয়েছে। পাকিস্তান থেকে ভারতে আসা তদন্তকারী দলকে (জেআইটি) সেই প্রমাণ তুলেও দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের রাশিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চীন সফরের আগে এই রেড কর্নার নোটিশ জারি হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারত-রাশিয়া-চীনের ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে চলতি মাসের ১৮ তারিখে সুষমা মস্কো যাচ্ছেন। ভারত-চীনের সীমান্ত সমস্যা ও অন্য ‘কৌশলগত’ বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের দুদিনের বৈঠকে যোগ দিতে অজিত দোভাল বেইজিং যাচ্ছেন ২১ এপ্রিল। তিনি বৈঠক করবেন চীনের বিশেষ প্রতিনিধি ইয়াং কিয়েচির সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, মস্কোয় ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সুষমা স্বরাজ মাসুদ-প্রসঙ্গ তুলবেন। একইভাবে বেইজিংয়ে অজিত দোভাল চীনের বিশেষ প্রতিনিধি ইয়াং কিয়েচির সঙ্গে এ নিয়ে কথা বলবেন।