মিজোরামে শতাধিক জঙ্গির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার মিজোরামে মার জঙ্গিদের আত্মসমর্পণ। ছবি: মিজোরাম সরকার
শুক্রবার মিজোরামে মার জঙ্গিদের আত্মসমর্পণ। ছবি: মিজোরাম সরকার

ভারতের মিজোরামে ১১৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। তারা প্রত্যেকেই মার পিপলস কনভেনশন ডেমোক্রেটিকের (এইপিসি-ডি) সদস্য।
মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানহাওলার কাছে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেয় এই জঙ্গিরা।

রাজধানী আইজল থেকে ৩৯ কিমি দূরে সেসাওয়াংয়ে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য আয়োজন করা হয় ‘ঘরে ফেরা’ কর্মসূচি। এর আগে সোমবার রাজ্য সরকারের সঙ্গে আত্মসমর্পণের জন্য জঙ্গিরা চুক্তিবদ্ধ হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গিদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

মার জঙ্গিদের নেতৃত্বে ছিলেন তাদের স্বঘোষিত সর্বাধিনায়ক জোসাংবেরা। তারা ৯টি একে সিরিজের রাইফেলসহ ৪৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গোলাবারুদ জমা দেয়।

জঙ্গিরা আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী জানান, এখন তারা সবাই নিজেদের পরিবারের সঙ্গে বাস করতে পারবে। রাজ্যবাসীও নিশ্চিন্তে শান্তি উপভোগ করতে পারবে।

মুখ্যমন্ত্রী লাল থানহাওলা বলেন, ‘এই আত্মসমর্পণের মধ্য দিয়ে মিজোরামে আর কোনো সন্ত্রাসবাদী সংগঠনের অস্তিত্ব বাকি নেই।’ মিজোরামই ভারতের একমাত্র রাজ্য যেটি শান্তি বোনাস হিসাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক সময়ে ১৮২ কোটি ৪৫ লক্ষ রুপি লাভ করেছিল।

একই সঙ্গে লাল থানহাওলা রাজ্যবাসীকে শান্তির সুযোগ নিয়ে উন্নয়নে মন দিতে বলেন। তিনি হুঁশিয়ারি দেন, ‘কেউ ফের অস্ত্র তুলে নিলে রাজ্য সরকার কড়া হাতে তার মোকাবিলা করবে। কোনো মতেই অশান্তি বরদাশত করা হবে না।’

জমা দেওয়া হয় প্রচুর অস্ত্রশস্ত্র। ছবি: মিজোরাম সরকার
জমা দেওয়া হয় প্রচুর অস্ত্রশস্ত্র। ছবি: মিজোরাম সরকার

এইচপিসিডির মুখপাত্র লালবিয়াকজামা সাংবাদিকদের বলেন, ‘আজকের দিনটি ঐতিহাসিক। শুধু মার সম্প্রদায়ের জন্যই নয়, মিজোরামের সব বাসিন্দার জন্যই এই ঘরে ফেরা মঙ্গলময় হয়ে উঠবে।’

এর আগেও মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) জঙ্গিরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। একসময়কার এমএনএফ নেতা লালডেঙ্গা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। উত্তর-পূর্ব ভারতে মিজোরামই একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য।