মিশেলের জন্য ১০০ শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান থেকে নামছেন মিশেল ওবামা l ছবি: এএফপি
বিমান থেকে নামছেন মিশেল ওবামা l ছবি: এএফপি

ভারত সফররত যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে হাতে বোনা ১০০টি বেনারসি শাড়ি দেওয়া হবে। এ জন্য কয়েক মাস ধরেই কাজ করছেন পবিত্র শহর বলে পরিচিত বারানসির তাঁতশিল্পীরা। তাঁদের ধারণা, এ নিয়ে যে প্রচার পাওয়া যাবে, তাতে ঐতিহ্যবাহী বেনারসি শাড়িশিল্পের হাল ফিরবে। খবর এএফপির।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গতকাল রোববার ভারতে এসেছেন তাঁর স্ত্রী মিশেল ওবামাও। তিনি এসেছেন ভারতীয় ডিজাইনার বিভু মহাপাত্রের তৈরি করা পোশাক পরে।
মিশেলের হাতে শাড়ি তুলে দিতে বারানসির তাঁতশিল্পীরা দুই মাস ধরে কাজ করছেন বলে গতকাল জানান স্থানীয় ব্যবসায়ী পারভেজ মতিন। তিন পুরুষ ধরে বেনারসি শাড়ির ব্যবসা করছে মতিনের পরিবার। তিনি বলেন, ‘খাঁটি সোনা ও রুপার সুতা দিয়ে মিশেলের শাড়ি তৈরি করা হচ্ছে। আমাদের শিল্পীরা হাতের ছোঁয়ায় এসব শাড়ি তৈরি করছেন। হাতে তৈরি পোশাকের প্রতি ফার্স্ট লেডির অনুরাগ আমরা জানি। তাই তাঁর জন্য এগুলো তৈরি হচ্ছে।’
মিশেলের জন্য পারভেজ মতিন যেসব শাড়ি তৈরি করেছেন, সেগুলোর দাম কমপক্ষে দেড় লাখ রুপি।
বারানসি শহরের শাড়িশিল্প কম দামি চীনা সুতার দাপটে ধুঁকছে। কিছুদিনের মধ্যে এই শিল্প বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। মতিন বলেন, ‘আমাদের শাড়িশিল্পের অবস্থা বেশ খারাপ। মিশেল ওবামাকে শাড়ি উপহার দেওয়ার ফলে আমাদের সমস্যাগুলো তুলে ধরা সহজ হবে। তিনি যদি আমাদের শাড়ি পছন্দ করেন এবং পরেন, তাহলে দুটো কাজই হবে।’