মিয়ানমারের সঙ্গে বাস সার্ভিস চায় মণিপুর
মিয়ানমারের সঙ্গে সরাসরি বাস সার্ভিস চালু করতে চায় ভারতের মণিপুর রাজ্য। বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোমবার এ কথা জানিয়েছেন।
মণিপুরের রাজধানী ইম্ফলে সোমবার থেকে শুরু হয়েছে মিয়ানমার ও ভারতের সাংবাদিকদের মতবিনিময় কর্মসূচি। ভারত সরকারের লুক ইস্ট নীতিকে বাস্তবে রূপ দিতে মণিপুর রাজ্য কমিটি ও রাজ্য সরকারের জনসংযোগ দপ্তরের উদ্যোগে এ মতবিনিময় কর্মসূচির আয়োজন করে মণিপুরের পর্যটন দপ্তর। এ কর্মসূচিতে অংশ নিতে মিয়ানমার থেকে ১১ জন সাংবাদিক ইম্ফলে এসেছেন। মতবিনিময় অনুষ্ঠানে ভারতীয় প্রেস কাউন্সিলের পক্ষ থেকে কে নায়ার এবং এডিটর্স গিল্ডের প্রকাশ দুবে উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, তাঁর সরকার মিয়ানমারের সঙ্গে সরাসরি বাস সার্ভিস চালু করতে আগ্রহী। এ বিষয়ে একটি বেসরকারি সংস্থা মণিপুর রাজ্য পরিবহনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একে বাস্তবে রূপ দিতে মিয়ানমারের সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বীরেন সিং বলেন, ‘মিয়ানমারের জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে মণিপুর আগ্রহী। যোগাযোগ বাড়ানোর পদক্ষেপ হিসেবেই মণিপুরের বিভিন্ন শহরের সঙ্গে মিয়ানমারের সরাসরি বাস চলাচল শুরু করা জরুরি। সাংবাদিকেরা এ বিষয়ে জনমত তৈরিতে বিশেষ ভূমিকা নিতে পারেন।’ মণিপুরে সম্প্রতি মিয়ানমারের মহিলা ফুটবল দল প্রীতি ম্যাচ খেলতে আসায় সেই দেশের সরকারকে ধন্যবাদও জানান তিনি।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মিয়ানমারের মোট ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে মিজোরামে ৫১০ কিলোমিটার, অরুণাচল প্রদেশে ৫২০ কিলোমিটার, নাগাল্যান্ডে ২১৫ কিলোমিটার ও মণিপুরে রয়েছে ৩৯৮ কিলোমিটার সীমান্ত। এই সীমান্তের নিরাপত্তার ভার রয়েছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন আসাম রাইফেলসের হাতে।