মীনাক্ষী আম্মা

কোনো যোদ্ধার পোশাক নয়, স্থানীয় ঐতিহ্য অনুযায়ী পরনে শাড়ি। খোলা স্থানে শাড়ি পরেই ক্ষিপ্রতার সঙ্গে লাঠি চালিয়ে লড়াই করছেন তাঁর অর্ধেক বয়সী সহযোদ্ধার সঙ্গে। চারপাশে দর্শক। ইন্টারনেটের এমন একটি ভিডিও পোস্ট হওয়ার পর রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। যিনি তলোয়ার চালাচ্ছেন, তাঁর গতির সঙ্গে বয়স মিলিয়ে বিস্মিত হয়ে পড়ছে দর্শকেরা। তাঁর বয়সটা যে নানি-দাদির!
তিনি মীনাক্ষী আম্মা। বয়স ৭৩ বছর। দক্ষিণ ভারতের কেরালার এই নারী এখন ইন্টারনেট তারকা। লাঠি হাতে তাঁর লড়াইয়ের ভিডিওটি এখন পর্যন্ত ইন্টারনেটে দেখেছে ১৫ লাখ মানুষ। ভিডিওটি শেয়ার হয়েছে ৪৭ হাজার ৮৮৩ বার। তবে এভাবে তারকা বনে যাওয়া মীনাক্ষী আম্মা এখন শিশু ও তরুণদের শেখাচ্ছেন মার্শাল আর্ট। স্থানীয়ভাবে এটাকে বলা হয় ‘কালারিপায়াত্তু’।
কীভাবে এই বয়সে এভাবে পারেন? এই শক্তি কোথায় পান? এমন সব প্রশ্নই ঘুরপাক খায় মীনাক্ষী আম্মাকে ঘিরে।
স্মিত হেসে মীনাক্ষী আম্মা বলেন, ছোটবেলা থেকে এই ‘কালারি’ শেখার কারণে তিনি এই বয়সেও এমন রয়েছেন। আত্মরক্ষার জন্য সব বয়সী নারী-পুরুষ-শিশুদের কালারি শেখা জরুরি বলেও তিনি মনে করেন। আর তারকাখ্যাতি নিয়ে কোনো মাথাব্যথাই নেই তাঁর।
সাক্ষাৎকারে মীনাক্ষী আম্মা বলেন, ‘আমি নিজে থেকে কখনো ভিডিওগুলো দেখিনি। সেগুলো দেখার সামর্থ্য নেই আমার। বাচ্চারা এসে আমাকে দেখায়। লোকজন বলে “আপনাকে সব জায়গায় দেখা যায়। টিভিতে দেখা যায়।”’
তিনি বলেন, ‘সবাই খুব অবাক হয়, এই বয়সে আমি কীভাবে এটা পারি। আমাকে নাকি দেখতেও এত বয়স লাগে না। ছোটবেলা থেকেই আমি কালারি শিখি। হয়তো এ কারণেই আমি এত সুস্বাস্থ্যের অধিকারী, এতটা শক্তিশালী।’
তাঁর কাছে এখন অনেক বেশিসংখ্যক মেয়েরা ‘কালারি’ শিখতে আসে বলে জানালেন। বললেন, আগে ১২ জন মা-বাবার মধ্যে ১০ জন তাঁদের মেয়েদের কোথাও যেতে দিতে চাইতেন না। এখন মেয়েরাই বেশি আসছে। আত্মরক্ষার জন্য ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী নারী ও বয়স্ক ব্যক্তিদের কালারি শেখা প্রয়োজন।
বিবিসি অবলম্বনে