
কংগ্রেসের কাছে যা ‘আদর্শের লড়াই’, বিজেপির কাছেও তা আদর্শের। কংগ্রেসের আদর্শ যদি হয় ‘ধর্মনিরপেক্ষতা’, বিজেপির আদর্শ তা হলে ‘ভারতীয়ত্ব’। ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনে গতকাল সোমবার এই দুই আদর্শের লড়াই শেষ হলো। ভোটগণনা ২০ জুলাই, বৃহস্পতিবার।
ভোটের ফল দেয়াললিখনের মতোই স্পষ্ট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী মীরা কুমারকে বিপুল ভোটে হারিয়ে জিততে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। ভোটের ব্যবধান কত হবে, সোমবার সংসদ ভবনে সেটাই ছিল জল্পনার বিষয়। বিজেপি নেতাদের দাবি, অন্তত ৭০ শতাংশ ভোট পাবেন তাঁদের প্রার্থী। এই আশার পেছনে কাজ করছে নিছকই পাটিগণিত। ইউপিএর ঘর ভেঙে যেমন তারা জনতা দল সংযুক্তর সমর্থন আদায় করেছে, তেমনই সমর্থন পেয়েছে দুই জোটের বাইরে থাকা দলগুলোর। সমাজবাদী পার্টির ভোটেও ভাঙন দেখা দিয়েছে। মুলায়ম নিজে ও তাঁর অনুগামীরা কোবিন্দকে ভোট দিয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। একই অবস্থা নাকি মায়াবতীর দলেও। মায়াবতী ভোট দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, যিনিই জিতুন, রাষ্ট্রপতি হয়ে আসছেন একজন দলিত। এটাই বড় কথা। এর আগে ভারতে দলিত রাষ্ট্রপতি হয়েছিলেন একজনই। কংগ্রেস প্রার্থী কে আর নারায়ণন।
সারা দেশের ২৯টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাতেও সোমবার ভোট গ্রহণ চলে। সব রাজ্য থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হবে সংসদ ভবনে। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।
মীরা কুমার বলেছেন, তিনি বিবেক ভোটের ডাক দিয়েছেন। তাঁর কাছে এটা আদর্শের লড়াই। একই রকম আদর্শের লড়াই বিজেপির কাছেও। স্বাধীনতার পর থেকে এ যাবৎ দক্ষিণপন্থী রাজনীতিকদের কেউই ভারতের রাষ্ট্রপতি হতে পারেননি। সেদিক থেকে বিজেপির কাছে এই প্রথম সুযোগ তাদের নীতি ও আদর্শের কাউকে রাইসিনা হিলসে পাঠানোর। সেই সুযোগের সদ্ব্যবহারে তারা উন্মুখ। তাদের দাবি—ছোট, মাঝারি, বড় মিলিয়ে মোট ৪৪টি দলের সমর্থন তাদের প্রার্থী পাচ্ছেন। বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৬৯ শতাংশ ভোট পেয়েছিলেন, বিজেপি চায় রামনাথ কোবিন্দকে ৭০ শতাংশ ভোটে জেতাতে।
উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে। তিনি অন্ধ্র প্রদেশের রাজনীতিক। বিজেপি এবার উপরাষ্ট্রপতি পদে দক্ষিণের ওপর জোর দিচ্ছে ২০১৯-এর নির্বাচনের দিকে তাকিয়ে। গতকাল সন্ধ্যায় দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে ভেঙ্কাইয়ার নাম গৃহীত হয়। দলীয় দপ্তরে এ ঘোষণা করেন দলের সভাপতি অমিত শাহ। ভেঙ্কাইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী। তিনি মহাত্মা গান্ধীর নাতি।