মুকুল রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা বিজেপির
ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক মুকুল রায়কে ‘অবৈধভাবে’ পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে বিজেপি। গতকাল মঙ্গলবার বিজেপির নদীয়ার বিধায়ক ও বিশিষ্ট আইনজীবী অম্বিকা রায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। এই মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।
একসময়ের বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক তৃণমূল নেতা মুকুল রায় এবারের বিধানসভা নির্বাচনে নদীয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হন। কিন্তু এই মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। গত ১২ জুন তিনি তৃণমূলে যোগ দেন। তবে ছাড়েননি বিজেপির বিধায়ক পদ। যদিও মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পর দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কার করে বিধায়ক পদ খারিজের আবেদন করেছে বিজেপি। এই আবেদন করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই আবেদনের শুনানিও শুরু হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ৩০ জুলাই।
এদিকে রাজ্য বিধানসভার স্পিকার ১১ জুলাই বিজেপির এই বিধায়ককে পশ্চিমবঙ্গ বিধানসভার পিএসির চেয়ারম্যান করেন। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বিজেপি। তাদের প্রশ্ন, পিএসির চেয়ারম্যান পদটি সুদীর্ঘ কাল ধরে বিরোধী দলের বিধায়কেরা পেয়ে আসছেন। কিন্তু এবার মুকুল রায় সরকারি দল তৃণমূলে যোগ দিলেও কীভাবে তাঁকে পিএসির চেয়ারম্যান করা হলো? যদিও বিধানসভার স্পিকার বলেছেন, তিনি আইন মেনেই মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করেছেন।
স্পিকারের এ সিদ্ধান্তের পরই বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দলবিরোধী আইনে মুকুল রায়কে বিজেপির বিধায়কের পদ থেকে বহিষ্কারের আবেদন জানান। এই আবেদনে বলা হয়েছে, মুকুল রায়কে নিয়োগ করা কার্যত বিধানসভার কার্যবিধির ৩০২ ধারা লঙ্ঘনের শামিল। পিএসির শীর্ষ পদে দলত্যাগী মুকুল রায়ের নিয়োগ ‘অবৈধ’। প্রথা অনুযায়ী ওই পদ পাওয়ার কথা বিরোধী দলের বিধায়কের। শুধু তা–ই নয়, পিএসির চেয়ারম্যান হিসেবে মনোনয়নে মুকুল রায়ের প্রস্তাবক ও সমর্থক ছিলেন তৃণমূল–ঘনিষ্ঠ গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূলেরই দুই বিধায়ক।
যদিও তৃণমূল বলেছে, পিএসি বা বিধানসভার কোনো কমিটির চেয়ারম্যান পদে কাকে নিয়োগ করবেন, তার পূর্ণ এখতিয়ার বিধানসভার স্পিকারের হাতে। ফলে এ নিয়ে রাজনীতি সরব হলে বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে করা হয় এই জনস্বার্থ মামলা।