মুক্ত শিশুর হাসি কৈলাস সত্যার্থীর শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৈলাস সত্যার্থী
কৈলাস সত্যার্থী

‘দাসত্ব থেকে মুক্ত করে শিশুদের যখন তাদের মায়েদের কাছে নিয়ে যাই, তাদের চোখে যে আনন্দের অশ্রু দেখি, এটা আমার কাছে স্রষ্টার আশীর্বাদের মতো লাগে। আমি যখন মুক্ত শিশুদের মুখগুলো দেখি, তখন তাদের হাসির স্বর্গীয় আভা আমাকে শক্তি দেয়। আমি কখনো মনে করি না যে তাদের মুক্তি দিয়েছি। বরং তারা আমাকে মুক্তির অনুভূতি দেয়।’
শিশুদের নিয়ে কাজ করে এ বছর শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাস সত্যার্থী এভাবেই নিজের অনুভূতির কথা জানান।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে আজ শনিবার কথোপকথনের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে তড়িৎ প্রকৌশলী হয়েও শিশুদের অধিকার নিয়ে কাজ করে নোবেল জয় করে নেওয়া কৈলাস সত্যার্থীর কথা তুলে ধরেছে। প্রতিবেদনে জানানো, এ কাজে যুক্ত হয়ে বেশ কয়েকবার হামলার সম্মুখীন হয়েছেন তিনি। খুন হয়েছেন তাঁর দুই সহকর্মী। কিন্তু তিনি তাঁর স্বপ্নের প্রতি ছিলেন প্রচণ্ড আশাবাদী আর আস্থাশীল।
নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার খবর শুনে কৈলাস সত্যার্থী বলেন, ‘মহাত্মা গান্ধীর মৃত্যুর পর আমার জন্ম। আমার আগে গান্ধী এই পুরস্কার পেলে আমি আরও বেশি সম্মানিত বোধ করতাম। এই পুরস্কার দেশের সব নাগরিকের। শিশু অধিকারের বিষয়টি এখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছে, এ জন্য আমরা খুশি। আমি আমার কাজ চালিয়ে যাব। এই সম্মান আমার সব সহকর্মীর। একই সঙ্গে এই সম্মান বিশ্বের সেসব শিশুর, যাদের কণ্ঠ আগে জোরালোভাবে কেউ শোনেনি।’ সেই সঙ্গে তিনি যোগ করলেন, ভারতের শত শত সমস্যা আছে; কিন্তু সমাধান আছে লাখ লাখ।
এই পুরস্কারপ্রাপ্তি কীভাবে উদযাপন করবেন—জানতে চাইলে কৈলাস বলেন, ‘অবশ্যই শ্যাম্পেন দিয়ে নয়। আমি মদ্যপান করি না। আমি শিশুদের এখানে আসার অপেক্ষায় আছি। এই বৈশ্বিক সংগ্রাম ভারত থেকে শুরু হয়েছে বলে আমি গর্বিত।’
এক প্রশ্নের জবাবে কৈলাস সত্যার্থী বলেন, ‘এই পুরস্কারে তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলো ও প্রত্যেক ভারতীয় গর্বিত হবে বলেই আমার প্রত্যাশা। শিশুর অধিকারের জন্য কাজ করা একটি মহৎ কারণ। এটি শিশুশ্রমের বিরুদ্ধে একটি আন্দোলন এবং সবারই উচিত এতে যোগ দেওয়া।’
শিশু পাচারের বিরুদ্ধে লড়াইয়ে পরবর্তী পদক্ষেপ কী?
এ প্রশ্নের জবাবে নোবেলজয়ী বলেন, ‘শুধু ভারতে কাজের জন্য আমাকে এই পুরস্কার দেওয়া হয়নি। আমি ১৪৪টি দেশে কাজ করি। আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, পাকিস্তানে একই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করি। এটি একটি বৈশ্বিক লড়াই। কিন্তু আমি গর্বিত, কারণ ভারত থেকে আমার মাধ্যমেই এর যাত্রা শুরু। আমরা মহাত্মা গান্ধীর দেশে জন্মেছি, যেখানে শান্তি আর অহিংসার মাধ্যমে সংকটের সমাধান হয়।’

পুরস্কারপ্রাপ্তির দিনে কৈলাস স্মরণ করলেন তাঁর মা-বাবাকে। তিনি বলেন, ‘আমার ওপর হামলা হতে দেখেছেন আমার মা। তড়িৎ প্রকৌশলী হয়েও শিশুদের জন্য কাজ করার উদ্দেশ্যে আমি যখন নিজের পেশায় গেলাম না, মা তখন কেঁদেছিলেন। তবে তিনি আমার লড়াইটা বুঝতে পেরেছিলেন, তিনি আমাকে সাহস জোগাতেন। এই লড়াইয়ে যাঁরা আমার সঙ্গে ছিলেন, আমি তাঁদের সবাইকে স্মরণ করছি।’
২৬ বছর বয়সে কৈলাস শিশুদের নিয়ে কাজ শুরু করেন। তিন দশকের বেশি সময় পর নিজের ৬০ বছর বয়সে সেই কাজের স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল জয় করলেন তিনি। তাঁর সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করে নিয়েছে নারীশিক্ষা অধিকারকর্মী ও তালেবানের গুলিতে আহত পাকিস্তানের ১৭ বছর বয়সী কিশোরী মালালা ইউসুফজাই।