মুক্তি পাচ্ছেন সেইসব বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারের অপেক্ষায় যেসব আসামি বছরের পর বছর কারাগারে রয়েছেন, তাঁদের মুক্তি দেওয়ার পদক্ষেপ নিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

দোষী সাব্যস্ত হলে সাজার যে সর্বোচ্চ মেয়াদ, বিচারাধীন মামলার অনেক আসামি এর চেয়ে বেশি দিন ধরে আটক রয়েছেন। তাহলে তাঁদের এখন মুক্তির দেখা মিলবে। তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের বেলায় এই ছাড় দেওয়ার বিষয়টি প্রযোজ্য হবে না।


টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভারতে বন্দীদের মধ্যে দুই-তৃতীয়াংশ বিচারের অপেক্ষায় কারাগারে রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিচার হলে যে শাস্তি হতো, তার চেয়ে বেশি সময় কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন।

এসব বন্দীর মুক্তি দেওয়ার জন্য কাজ করছে ভারতের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজ সোমবার কত দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনায় বসবেন। বিচারিক সংস্কার প্রক্রিয়ায় বিচারাধীন বন্দীদের মুক্তি দেওয়ার উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ভারত।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, বিচারাধীন ব্যক্তিদের মুক্তি দেওয়ার ব্যাপারে আইনগত কোনো জটিলতা নেই। বন্দীদের মুক্তি দিতে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে কোনো সংশোধনীও আনার প্রয়োজন নেই। বিচারাধীন ব্যক্তিদের মামলাগুলো পর্যালোচনা করার জন্য বিশেষ একটি প্যানেল গঠন করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, দোষ প্রমাণ হলে যে সাজা হতো, এর অর্ধেকের বেশি সময় ধরে কেউ যদি বিচারের অপেক্ষায় কারাবন্দী থাকেন, তাহলে সিআরপিসি ৪৩৬ এ ধারায় তাঁদের মুক্তি দিতে হবে। এ ব্যাপারে পর্যালোচনা কমিটি করার জন্য কেন্দ্রীয় পর্যায় থেকে সব জেলায় নির্দেশ দেওয়া হয়েছে।