আবার একটি যুগান্তকারী রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। যেসব বিচারাধীন বন্দী তাঁদের অপরাধের সর্বোচ্চ সাজার অর্ধেক ইতিমধ্যেই ভোগ করেছেন, তাঁদের কারাগার থেকে মুক্তি দিতে হবে। প্রধান বিচারপতি রাজেন্দ্র মল লোধা গতকাল শুক্রবার এ রায় দিয়ে বলেছেন, দেশের আইনেই এ বিধান রয়েছে। কিন্তু তা কদাচিৎ মানা হয়।
এখন ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে অন্তত চার লাখ বন্দী রয়েছেন। এর মধ্যে আড়াই লাখই বিচারাধীন। এই বন্দীদের মধ্যে অনেকে বিনা বিচারে দিন কাটাচ্ছেন। প্রধান বিচারপতি লোধার নির্দেশ, আগামী ১ অক্টোবর থেকে বিচার বিভাগীয় কর্মকর্তারা প্রতি সপ্তাহে অন্তত এক দিন করে জেলগুলোতে যাবেন এবং কতজন বিচারাধীন বন্দীকে মুক্তি দেওয়া হলো সে বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবেন । এই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা দূর করতে একটা নীতিমালা ঠিক করতে যাতে বিচারের বাণী নীরবে-নিভৃতে না কাঁদে।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, কোনো অপরাধের সর্বোচ্চ সাজা যদি ১০ বছর হয়ে থাকে এবং সেই অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি বিনা বিচারে পাঁচ বছরের বেশি কারাগারে কাটিয়ে থাকেন, তা হলে তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বিচারপতি লোধা এ রায় দিতে গিয়ে বলেন, ভারতীয় আইনেই এ ব্যবস্থা রয়েছে। কিন্তু তা কখনো সেভাবে কার্যকর করা হয় না।
বিজেপি ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত নেবে ঠিক করেছিল। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এ বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনাও করেন। সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্য সরকারকে চিঠি দেওয়ার কথা ছিল। তার আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এল।