মুক্তি পেলেন নির্ভয়া ধর্ষণের অপরাধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও খুনের দায়ে কয়েকজনের সঙ্গে অভিযুক্ত সেই কিশোর অপরাধী (বর্তমান বয়স ২০ বছর) আজ রোববার মুক্তি পেয়েছেন। দিল্লির একটি সংশোধনাগার কেন্দ্র থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তাঁর মুক্তির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর একটি চলন্ত বাসে নির্ভয়াকে (নির্যাতিতার মা জানিয়ে দিয়েছেন তাঁর আসল নাম জ্যোতি) কয়েকজন দুর্বৃত্ত ধর্ষণ করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চলন্ত বাস থেকে ফেলে দেয় তারা। কয়েকদিন পর নির্ভয়ার মৃত্যু হয়। অপরাধী ছয়জনের সবাই ধরা পড়ে। অপরাধীদের মধ্যে ওই কিশোরও ছিল। ঘটনার সময় তার বয়স ছিল ১৮ বছরের কম। আদালত ওই কিশোরকে তিন বছরের জন্য এক শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের মধ্যে কারাগারেই একজনের মৃত্যু হয়। অন্য চারজনের ফাঁসির রায় হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করায় বিষয়টি সুপ্রিম কোর্টে বিবেচনাধীন।
আজ সংশোধানাগার থেকে মুক্তি পাওয়ার পর দিল্লির একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে থাকবেন ওই অভিযুক্ত। তাঁকে মুক্তি দেওয়ার বিরোধিতা করে গত রাতেও দিল্লি কমিশন ফর উইমেন নামের একটি সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সংগঠনটি ওই অপরাধীকে মুক্তি না দেওয়া এবং এ বিষয়ে জরুরি শুনানির জন্য আদালতে আবেদন জানায়। আদালত ওই আবেদন খারিজ করে দেন।
ওই অপরাধীকে মুক্তি দেওয়ার দিল্লির রাজপথে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভে নির্ভয়ার বাবা-মাও যোগ দেন। ​বিক্ষোভকারীদের অনেকে তাঁকে মুক্তি না দিয়ে ফাঁসির দাবি জানান।
এর আগে বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামীও ওই অপরাধীকে আটকে রাখার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। গত শুক্রবার তা নাকচ করে দেন আদালত। ওই দিনই তাঁর মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।