মুক্তি পেলেন সঞ্জয় দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তির পর সঞ্জয়
মুক্তির পর সঞ্জয়

৪২ মাস কারাভোগের পর ভারতের মুম্বাইয়ের তারকা চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন। ‘ভালো আচরণের’ কারণে অস্ত্র মামলায় সাজার মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পান তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
একটি একে-৫৬ রাইফেল অবৈধভাবে রাখার দায়ে সন্ত্রাসবিরোধী টাডা আইনে গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয়। ২০০৬ সালে এ মামলায় তাঁর ছয় বছর কারাদণ্ড হয়। একসময়ের তুমুল জনপ্রিয় এ তারকা বলেছেন, অন্য লোকজন তাঁকে অস্ত্রটি রাখতে দিয়েছিল। পরে দেখা যায় তারাই ১৯৯৩ সালের মু্ম্বাই বিস্ফোরণের সঙ্গে জড়িত। সুপ্রিম কোর্ট ২০১৩ সালে সঞ্জয়ের সাজার মেয়াদ এক বছর কমিয়ে পাঁচ বছর করেন।
গতকাল কারাগার থেকে বেরিয়ে মাটিতে চুমু খান সঞ্জয়। পরে তিনি স্ত্রীসহ একটি মন্দিরে গিয়ে পূজা দেন। সেখান থেকে ৫৬ বছর বয়সী এই অভিনেতা তাঁর মা বলিউডের একসময়ের প্রখ্যাত অভিনেত্রী নার্গিসের কবরে গিয়ে প্রার্থনা করেন।
পুনে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সঞ্জয় বলেন, ‘বন্ধুরা, মুক্তির কোনো সহজ পথ নেই।’ তিনি তাঁর ভক্তদের ধন্যবাদ জানান।
মুক্তি পাওয়ার পর গতকাল মুম্বাইয়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সঞ্জয় দত্ত। সেখানে তিনি বলেন, ‘আমি সন্ত্রাসী না। অস্ত্র আইনে আমার কারাদণ্ড হয়েছিল। আমার অনুরোধ, আমাকে ১৯৯৩ সালের মুম্বাইয়ের হামলায় অভিযুক্ত হিসেবে বলবেন না।’
সঞ্জয় বলেন, ‘আমি এখন ভীষণ খুশি। কেননা আমার ২৩ বছরের অপেক্ষার সমাপ্তি হলো। আজ আমার মুক্তি হলো।’
বলিউডের দর্শকপ্রিয় চলচ্চিত্র খলনায়ক ও মুন্না ভাই এমবিবিএসখ্যাত এই অভিনেতা আবেগতাড়িত হয়ে বলেন, ‘আজ বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। ছেলেকে মুক্ত দেখাই ছিল তাঁর একমাত্র লড়াই।’
সঞ্জয় দত্ত বলেন, ‘আমি আমার দেশ ও দেশের তেরঙা পতাকাকে ভালোবাসি। কারাগার থেকে বের হওয়ার পর আমি মাটিতে চুমু খেয়েছি। সালাম করেছি পতাকায়।’ সংবাদ সম্মেলনে সঞ্জয়ের স্ত্রী মান্যতা ও সন্তানেরা উপস্থিত ছিলেন।