মুক্তিযুদ্ধের বীর সৈনিক গোলক মজুমদারের চিরবিদায়

গতকাল সোমবার কলকাতায় চিরবিদায় নিলেন একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর সৈনিক গোলক মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই কন্যা, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে গোলক মজুমদার ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আইজি। এ ছাড়াও তিনি পশ্চিমবঙ্গের পুলিশের ডিজির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সীমান্ত পার করে ভারতে নেওয়ার ব্যবস্থা করেছিলেন বহু রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিকে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে অস্থায়ী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি কলকাতা থেকে রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনদের নিয়ে গিয়েছিলেন মেহেরপুরে। সেদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও চেয়েছিলেন বাংলাদেশের নেতাদের ভারতে নিয়ে আসা হোক। এই লক্ষ্যে ইন্দিরা গান্ধী একটি বার্তা পাঠিয়েছিলেন বিএসএফের তৎকালীন মহাপরিচালক কে এফ রুস্তামজিকে। রুস্তামজি সেই বার্তা পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিএসএফের তৎকালীন আইজি গোলক মজুমদারকে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালের মার্চে গোলক মজুমদারকে স্বাধীনতা সম্মাননা দিয়েছিল।