ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এই রাজ্যে বামপন্থীদের সূর্য অস্ত গেছে। কিন্তু ‘বাম সূর্য’ অস্ত গেলেও এই রাজ্য অমাবস্যার অন্ধকারে ডুবে আছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।
বিধানসভা নির্বাচনের প্রচারকাজে গতকাল বৃহস্পতিবার তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে এসে মোদি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বিকেলে প্রথম জনসভা করেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের ভ্যাবলা স্কুলমাঠে। পরে সভা করেন হাওড়ার গুলমোহর ময়দানে।
বসিরহাটের জনসভায় মোদি বলেন, বাংলার মানুষ এই রাজ্যে বাম শাসন থেকে পরিবর্তন আনার জন্য মমতাকে ক্ষমতায় এনেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর মমতা এই রাজ্যে কোনো পরিবর্তন আনতে পারেননি। তিনি বাংলাকে ‘সর্বনাশের হাত থেকে বাঁচাতে’ বিজেপির প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানান রাজ্যবাসীকে।