মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালের লড়াইয়ে দিল্লিতে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্য সরকারের সাংবিধানিক অধিকার এবং তার ব্যাখ্যা নিয়ে ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে উপরাজ্যপাল নাজিব জংয়ের দ্বন্দ্ব চরমে উঠেছে। উপরাজ্যপাল নাজিব জং গতকাল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। আর সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে যান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। উপরাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে লড়াই পাঁচ দিন ধরে তীব্রতর হয়েছে, রাষ্ট্রপতি তার মীমাংসা করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ভারতের রাজধানী হওয়ায় এটি পূর্ণাঙ্গ রাজ্য নয়। দিল্লির পুলিশ ও জমির অধিকারও রাজ্য সরকারের নয়। তা রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। ঝগড়ার মূলেও রয়েছে রাজ্যের এই বিশেষ চরিত্র। সংবিধানে দিল্লির এই বিশেষ চরিত্রের ব্যাখ্যাও দেওয়া রয়েছে। সেই ব্যাখ্যা অনুযায়ী দেশের অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপালেরা মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চললেও দিল্লির উপরাজ্যপালের পরামর্শমতোই রাজ্য মন্ত্রিসভাকে চলতে হয়। অর্থাৎ, রাজ্য হলেও দিল্লি পূর্ণাঙ্গ রাজ্য যেমন নয়, তেমনই নির্বাচিত সরকার থাকলেও কার্যত দিল্লি চলে কেন্দ্রের হুকুমে। কেজরিওয়ালের লড়াই এই সাংবিধানিক প্রথার বিরুদ্ধেই। তা এক অচলাবস্থা সৃষ্টি করেছে।
এবারের সংকটের সূত্রপাত রাজ্যের মুখ্য সচিব কে কে শর্মার ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে। ১০ দিনের জন্য মুখ্য সচিব ছুটিতে গেলে উপরাজ্যপাল নাজিব জং অস্থায়ী মুখ্য সচিব পদে নিযুক্ত করেন শকুন্তলা গামলিনকে। কেজরিওয়াল তাতে ক্ষুব্ধ হন। যাঁর মারফত এই নির্দেশ আসে, তিনি রাজ্যের প্রধান সচিব অনিন্দ্য মজুমদার। কেজরিওয়াল অনিন্দ্য মজুমদারের অফিসে তালা ঝুলিয়ে দেন এবং তাঁর কাজের দায়িত্ব তুলে দেন মুখ্যমন্ত্রীর সচিব রাজেন্দ্র কুমারের হাতে। উপরাজ্যপাল আবার সেই নিযুক্তি বাতিল করে দেন এবং মুখ্যমন্ত্রীকে তাঁর অধিকার বিষয়ে একটি চিঠি লেখেন। সেই চিঠি মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছানোর আগেই সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যায়। এর আগে উপরাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন, সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের সব ফাইল তাঁর কাছে পাঠাতে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী পাল্টা নির্দেশ দিয়েছিলেন কোনো ফাইলই যেন উপরাজ্যপালকে না দেখানো হয়। গামলিনের বিরুদ্ধে কেজরিওয়ালের অভিযোগ, বিদ্যুৎ সচিব থাকার সময় তিনি দিল্লির বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোকে ১১ হাজার কোটি টাকার মুনাফা পাইয়ে দিয়েছিলেন।
কেজরিওয়ালের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব বেশ পুরোনো। প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকেই সেই লড়াইয়ের সূত্রপাত। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর কেজরিওয়াল সেই বিবাদকে এক অন্য মাত্রা দিয়েছেন। নিজের মতো করে সংবিধানের ব্যাখ্যায় তিনি প্রমাণ করতে চাইছেন, রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। পাশাপাশি তিনি উপরাজ্যপালকে এই অভিযোগেও অভিযুক্ত করেছেন যে কেন্দ্রের নির্দেশে তিনি রাজ্য সরকারকে পদে পদে অপদস্থ করতে চাইছেন।
রাষ্ট্রপতি এখন কীভাবে এই ঝগড়া মেটাবেন, তা কারও জানা নেই। সংবিধানের ব্যাখ্যাতেও আইনজীবী মহল দ্বিধাবিভক্ত। সংঘাতের ফলে দিল্লির প্রশাসন কার্যত অচল। এমনও মনে করা হচ্ছে, শেষ পর্যন্ত এই বিবাদ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।