মুখ্যমন্ত্রী হওয়ার পথে ৯২ বছরের 'রাগী বৃদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিএস অচ্চু্তানন্দন
ভিএস অচ্চু্তানন্দন

ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে কেবল তিনিই বেঁচে আছেন। তাঁর সমসাময়িক হরকিষেণ সিং সুরজিৎ, জ্যোতি বসু, এ এম এস নাম্বুরিপাদ সবাই জীবনের শেষ প্রান্তে এসে দল থেকে প্রায় অবসরই নিয়েছিলেন। কিন্তু কেরালার ‘রাগী মানুষ’ হিসেবে পরিচিত বেলিক্কাকাথু সংকরণ (ভিএস) অচ্চু্তানন্দন ৯২ বছর বয়সে এসেও মুখ্যমন্ত্রী পদের বড় দাবিদার।
গতকাল ঘোষিত কেরালার বিধানসভা নির্বাচনের ফলে ১৪০টি আসনের মধ্যে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ ৯১টি আসনে জিতে সরকার গঠন নিশ্চিত করেছে। কংগ্রেসি সরকারকে হটিয়ে সিপিএমের এই প্রত্যাবর্তনে বড় ভূমিকা ছিল অচ্চুতানন্দনের। রাজ্যের মালামপুজা আসন থেকে তিনিও নিশ্চিত জয়ের পথে ছিলেন।
অচ্চুতানন্দনের জন্ম ১৯২৩ সালে, কেরালার আলাপ্পুজা জেলার এক হতদরিদ্র পরিবারে। কিন্তু একটি কথা তিনি সব সময়ই বলেন, নিজেকে দরিদ্র ভাবেননি কখনোই। কারণ তাঁর আশপাশের মানুষদের মধ্যে সবাই ছিল একই রকম দরিদ্র। ১১ বছর বয়সেই মা-বাবা দুজনকে হারান, বাধ্য হন স্কুল ছেড়ে দিতে। ১৪ বছর বয়সে কমিউনিস্ট পার্টিতে নাম লেখান। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে কারাভোগ করেছেন অনেকবার। ১৯৮০ সালে তিনি সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক হন। ২০০৬ সালে হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তখন তাঁর বয়স ৮৩। সে সময়ই দলের আরেক নেতা পিনারাই বিজয়নের সঙ্গে তাঁর বিরোধ বাধে। এবারের মুখ্যমন্ত্রী পদে বিজয়ন ভিএসের বড় প্রতিদ্বন্দ্বী।
এবারের নির্বাচনে মাঠ চষে বেরিয়েছেন আগামী অক্টোবরে ৯৩ বছরে পা দিতে যাওয়া এই প্রবীণ নেতা। ৯০ পেরোনোর পরও অটুট জীবনীশক্তি তাঁকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে। খুব সাদামাটা জীবন যাপন করেন ভি এস। সকাল শুরু হয় ভোর সাড়ে চারটায়। এরপর পৌনে এক ঘণ্টা ধরে চলে যোগ ও অন্যান্য ব্যায়াম। দোসা আর ডাবের পানি দিয়ে সকালের নাশতা সারেন। দুপুরে খান ভাত এবং নিজের খেতের সবজি দিয়ে সেদ্ধ তেলনুন ছাড়া তরকারি। রাতের খাবারে থাকে তিনটি ছোট কলা বা তিন টুকরো পেঁপে, সঙ্গে ডাবের পানি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ২০ মিনিট হাঁটেন।
গতকাল নির্বাচনের পালা শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী নির্বাচন করতে সিপিএমকে যে কঠিন সমস্যায় পড়তে হবে, তা নিয়ে সন্দেহ নেই। এ-ও সন্দেহ নেই, এই প্রবীণকে সেই পদের জন্য বিবেচনায় নিতেই হবে।