মুখ্যমন্ত্রী হলেন শশীকলার অনুগামী পালানিসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরাপড্ডি পালানিসামি
এরাপড্ডি পালানিসামি

টানাপোড়েন শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শেষ পর্যন্ত শপথ নিলেন ৬৩ বছরের এরাপড্ডি পালানিসামি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও তাঁকে শপথবাক্য পাঠ করান। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৩১ জন। পালানিসামিকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে রাজ্যপাল ১৫ দিন সময় দিয়েছেন।
পালানিসামি মুখ্যমন্ত্রী হওয়ার ফলে আপাতত এটা স্পষ্ট হয়ে গেল, কর্ণাটকের জেলে বন্দিজীবন কাটাতে হলেও তাঁরই অনুগামী ও অনুগতদের দিয়ে শশীকলা রাজ্য শাসন করবেন। এটাও স্পষ্ট যে শশীকলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুখ্যমন্ত্রিত্বের দাবি জানালেও অস্থায়ী মুখ্যমন্ত্রী পনিরসেলভামকে আপাতত পিছু হটতে হলো। এখন দেখার, পালানিসামি নির্বিঘ্নে আস্থা ভোটে উতরে যেতে পারেন কি না।
সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ যাতে ভালোয় ভালোয় হয় সে জন্য নতুন তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পনিরসেলভামকে বাদ দিয়ে এআইএডিএমকের বাকি বিদ্রোহী বিধায়কদের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা দলেরই কেউ কেউ শুরু করেছেন। এ বিষয়ে মূল উদ্যোগ নিয়েছেন শশীকলার ভাইপো দিনাকরণ, গত বুধবারই যাঁকে শশীকলা দলে ফিরিয়ে আনেন।
পালানিসামি গত বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে ১১৮ জন বিধায়কের সই করা চিঠি জমা দিয়ে মুখ্যমন্ত্রিত্বের দাবি জানান। একই দাবি জানিয়েছিলেন পনিরসেলভামও। কিন্তু তাঁর পক্ষে মাত্র ১১ বিধায়ক ও ১১ সাংসদের সমর্থন ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে পালানিসামিকে ফের ডেকে পাঠান রাজ্যপাল রাও। বিকেলে শপথ নিতে বলেন। এ সিদ্ধান্তের পরেই বিলাসবহুল রিসোর্ট থেকে বেরিয়ে আসেন শশীকলার অনুগত ও অনুগামী বিধায়কেরা। টানা আট দিন তাঁরা ওই রিসোর্টে বন্দিজীবন কাটাচ্ছিলেন।
আপাতত পিছু হটলেও বিদ্রোহী নেতা পনিরসেলভাম কিন্তু লড়াই থেকে সরে আসছেন না। বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুদ্ধ জারি থাকবে। কারণ, আম্মা জয়ললিতার মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের হাতেই ক্ষমতা চলে যাওয়ায় জনগণ ক্ষুব্ধ। পনিরসেলভাম ও তাঁর অনুগামীরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। নির্বাচন কমিশনের কাছে তাঁদের আরজি, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শশীকলা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হননি। শশীকলাকে নির্বাচিত করেছিল এআইএডিএমকের সাধারণ পরিষদ। অথচ নিয়ম অনুযায়ী নির্বাচন করার কথা প্রাথমিক সদস্যদের। অতএব ওই নিযুক্তি অবৈধ ঘোষণা করা হোক। কমিশন ওই আরজি রক্ষা করে শশীকলার নির্বাচন অবৈধ জানালে পনিরসেলভাম ও অন্যদের বহিষ্কারের নির্দেশও বাতিল হয়ে যাবে।