মুখ্যমন্ত্রী হিসেবে শিল্পপতিদের টাকা নিয়েছিলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে যে কথা বলার ‘সুযোগ পাননি’, সেই কথাই মোদির নিজের রাজ্য গুজরাটের মাটিতে দাঁড়িয়ে বলে হুলুস্থুল বাধিয়ে দিলেন ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী। গুজরাটের মেহসানায় এক জনসভায় গতকাল বুধবার রাহুল অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী থাকার সময় শিল্পপতিদের কাছ থেকে নরেন্দ্র মোদি কোটি কোটি টাকা নিয়েছিলেন। তিনি এর তদন্ত দাবি করেন।
রাহুলের এই অভিযোগের পরপরই বিজেপির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। দলের শীর্ষ নেতা ও মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এ অভিযোগ অবান্তর। সুপ্রিম কোর্টও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গঙ্গার মতো পবিত্র, আর রাহুলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাহুল এই অভিযোগগুলোই বলতে চেয়েছিলেন। কিন্তু বলার সুযোগ না পেয়ে বলেছিলেন, বলতে দিলে ভূমিকম্প বেঁধে যাবে। কংগ্রেসের এ নেতা তখন বলেছিলেন, তাঁর কাছে এমন তথ্যপ্রমাণ রয়েছে, যা নরেন্দ্র মোদির ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ।
গুজরাটে গতকালের জনসভায় রাহুল বলেন, আয়কর বিভাগের তল্লাশিতে পাওয়া তথ্য অনুযায়ী সাহারা গোষ্ঠী ২০১৩ সালে ছয় মাসে নয়বার তৎকালীন মুখ্যমন্ত্রীকে টাকা দিয়েছে। ২০১৪ সালের ২২ নভেম্বর আয়কর বিভাগের তল্লাশিতে উদ্ধার হওয়া ডায়েরিতে এই তথ্য রয়েছে। আড়াই বছর ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাহুলের প্রশ্ন, এই টাকা মোদি নিয়েছিলেন কি না। এই বিষয়ে তদন্ত করা হোক।
রাহুলের অভিযোগ জানাজানি হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন রবিশঙ্কর প্রসাদ। রাহুলের অভিযোগের জবাবে তিনি বলেন, ১০ বছরের রাজত্বে কংগ্রেস যাবতীয় দুর্নীতির আধারে পরিণত হয়েছিল। দুর্নীতির কারণেই জনগণ তাদের ত্যাগ করেছে। একের পর এক নির্বাচনে হেরে রাহুল ও কংগ্রেস বিশ্বাসযোগ্যতা হারিয়ে ভিত্তিহীন সব অভিযোগ করছে। কার কোন ডায়েরিতে কী লেখা আছে তা নিয়ে অভিযোগ তোলা হাস্যকর।
অতীতে ভারতের একাধিক অর্থনৈতিক দুর্নীতির তদন্তে ডায়েরি এক মুখ্য ভূমিকা নিয়েছিল। বোফর্স, জৈন হাওয়ালা, অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টারসহ দুর্নীতির বহু মামলায় ডায়েরির বড় ভূমিকা ছিল। রাহুলের বক্তব্য, অভিযোগ উড়িয়ে না দিয়ে সরকার বরং তদন্তের নির্দেশ দিক।