মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে নাগাল্যান্ডে ধর্মঘট
মুখ্যমন্ত্রী টি আর জেইলিংয়ের পদত্যাগ দাবিতে আজ রোববার থেকে ভারতের নাগাল্যান্ডে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। নাগা গোষ্ঠী এই ধর্মঘট ডেকেছে।
ধর্মঘটে নাগাল্যান্ডে শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে সরকারি কাজকর্ম প্রায় লাটে উঠেছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজ্যপাল পিবি আচারিয়া আন্দোলনরত নাগাল্যান্ড ট্রাইবাল অ্যাকশন কমিটির (এনটিএসি) সদস্যদের সঙ্গে এবং মুখ্যমন্ত্রী টি আর জেইলিংকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
রাজ্য সরকারও স্বশাসিত পৌর এলাকার নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে রাজ্য বিধানসভার সর্বদলীয় দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ বিষয়ে সর্বভারতীয় আইনের সংশোধনীর আরজি জানাতে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ পরিচালিত নাগাল্যান্ড সরকার গত শনিবারই সিদ্ধান্ত নেয়, নারীদের জন্য সংরক্ষণ তো দূরের কথা, পৌর এলাকার নির্বাচনও আপাতত স্থগিত রাখা হবে।
নিজেদের কাস্টমারি ল-এর ওপর ভিত্তি করে নারীদের জন্য সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলনে নামে বিভিন্ন নাগা গোষ্ঠী। আন্দোলন হিংসাত্মক হয়ে উঠলে পুলিশের গুলিতে দুজন নিহত হন। কারফিউ জারি করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। বর্তমানে হিংসাত্মক ঘটনা কমলেও উত্তেজনা রয়েছে।
এনটিএসির আহ্বায়ক টি ভিলি সাংবাদিকদের বলেন, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তেই অশান্তির আগুন জ্বলেছে। দুই আদিবাসী যুবক প্রাণ হারিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে রাজ্যপালের ডাকা বৈঠকে যেতে তাঁদের কোনো আপত্তি নেই।
রাজ্য পুলিশের ডিজি এল এল ডোঙ্গেল সাংবাদিকদের জানিয়েছেন, ধর্মঘট শান্তিপূর্ণভাবেই চলছে। নতুন করে কোনো অশান্তির খবর নেই। একই সঙ্গে পুলিশ ও নিরাপত্তাবাহিনীকে আরও সংযত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।