মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা ধর্ষণের শিকার নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্যাতিত নারী ও তাঁর পরিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করেন। ওই নারীর অভিযোগ, বিজেপি বিধায়ক ও তাঁর সঙ্গীরা মিলে তাঁকে গণধর্ষণ করেছেন। পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই নারী এ পথ বেছে নেন। ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে ধর্ষণের শিকার এক নারী ও তাঁর পরিবার আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই নারীর অভিযোগ, রাজ্য ক্ষমতাসীন বিজেপির বিধায়ক ও তাঁর সঙ্গীরা মিলে তাঁকে গণধর্ষণ করেছেন। এর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই নারী ও তাঁর পরিবার আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তবে ওই বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন।

নির্যাতিত ওই নারী ও তাঁর পরিবারের অভিযোগ, বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তাঁর ভাই গত বছরের জুনে তাঁকে ধর্ষণ করেন। এরপর তাঁরা থানায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। থানায় অভিযোগ দেওয়ায় পর তাঁকে হুমকি দেওয়া হয়েছে। বিচারের আশায় তিনি এক বছর ধরে ঘুরছেন। তাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তাঁরা অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ওই নারীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেনগার। ছবি: টুইটার থেকে নেওয়া
ওই নারীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেনগার। ছবি: টুইটার থেকে নেওয়া

বার্তা সংস্থা এএনআইকে ওই নারী বলেন, ‘আমি ধর্ষণের শিকারের পর এক বছর ধরে অনেকের কাছে গেছি। কিন্তু কেউ আমার কথা আমলে নেননি। সবাই গ্রেপ্তার না হলে আমি আত্মহত্যার পথ বেছে নেব। আমি মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কাছেও গিয়েছি। কিন্তু কোনো ফল পাইনি। আমরা থানায় অভিযোগ দেওয়ার পর হুমকি দেওয়া হয়েছে।’

কুলদীপ সিং সেনগার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ কর্মকর্তা রাজীব কৃষ্ণন বলেন, কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই নারী। তদন্তের পরে জানা গেছে, ১০-১২ বছর ধরে ওই নারীর সঙ্গে পারিবারিকভাবে কুলদীপের বিবাদ চলছিল। মামলাটি লখনৌয়ে পাঠানো হয়েছে। আরও তদন্তের পরই সত্য ঘটনা উদ্‌ঘাটন করা সম্ভব হবে।