
মুখ্যমন্ত্রীর বাড়ি বলে কথা! প্রাসাদসম তো হবেই। তার ভেতরে আছে বুলেটপ্রুফ বাথরুমও। এর অবস্থান ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে। সেখানকার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা।
এক লাখ বর্গফুট জায়গাজুড়ে প্রগতি ভবন নামের বাড়িটি বানাতে খরচ পড়েছে ৭৩ লাখ মার্কিন ডলার। পুরোটাই জনগণের অর্থ। বাড়ির ভেতরেই আছে আড়াই শ মানুষ ধারণের উপযোগী মিলনায়তন এবং শ পাঁচেক লোকের বসার উপযোগী একটি সভাকক্ষ।
বিষয়টিকে জনসাধারণ স্বাভাবিকভাবে নিলেও বুলেটপ্রুফ বাথরুম নিয়ে হাসাহাসি চলছে সমানে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও গত বৃহস্পতিবার ওই বাড়িতে উঠেছেন। এর আগে তাঁর আধ্যাত্মিক গুরু চিন্না জিয়ার স্বামীর নেতৃত্বে বেশ কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। গুরু নিজেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, যাতে তাঁর ওপর ‘আশীর্বাদ’ বর্ষণ হয়।
বাড়িটি বানানোর আগে বাস্তু বিশারদদের সঙ্গে অনেক সলাপরামর্শ করেছেন রাও। আবাসন নির্মাণের প্রাচীন ভারতীয় পদ্ধতির নাম বাস্তু। মুখ্যমন্ত্রীর এতে আছে অগাধ বিশ্বাস। তিনি রাজ্যের সচিবালয় ভবন ভেঙে ফেলার চেষ্টা করে আলোচনার জন্ম দিয়েছেন। তাঁর যুক্তি, ওই ভবনের বাস্তু তাঁদের রাজ্যের জন্য অকল্যাণকর।
রাজনৈতিক ভাষ্যকার কিংশুক নাগ বিবিসিকে বলেন, নিজের জন্য রাজকীয় বাড়ি বানিয়ে মুখ্যমন্ত্রী রাও ‘সামন্তবাদী’ মানসিকতার পরিচয় দিয়েছেন। অতীতে সামন্ত প্রভুরা এ রকম দুর্গের মতো বাড়িতে থাকতেন। আর প্রজারা সেটা দেখে বলতেন, আহ্, কত বড় প্রাসাদ!
কেবল নিরাপত্তার অজুহাতে এ রকম বিলাসবহুল বাড়িতে বসবাস যুক্তিসংগত নয় বলেও সমালোচকেরা অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী রাও কিছুদিন আগেই নিজের মেয়ের বিয়ে দিয়েছেন ভারতেরই এক রাজনীতিকের সঙ্গে। দেশে নগদ অর্থের সংকটের মধ্যেও সেই অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আয়োজনে জনসাধারণের একটি অংশ অসন্তুষ্ট হয়েছে।