মুখ্যমন্ত্রীর শপথ নিলেন জয়ললিতা

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিয়েছেন জয়রাম জয়ললিতা ।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির মামলায় জয়ললিতার দণ্ডাদেশ বাতিল করেছেন উচ্চতর একটি আদালত। ফলে নয় মাস বিরতির পর আবার মুখ্যমন্ত্রী হলেন প্রভাবশালী এ রাজনীতিক।
তামিলনাড়ুর গভর্নর কে রোজাইয়াহ্র কার্যালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায়, জয়ললিতাকে রাজ্য সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজ্যের রাজধানী চেন্নাই নগরে জয়ললিতার বাড়ির সামনে গতকাল শত শত সমর্থক জড়ো হয়ে উল্লাস করেন। নেত্রীর প্রত্যাবর্তন উপলক্ষে এআইডিএমকে দলের নেতা-কর্মীদের অনেকে মিষ্টি বিতরণ করেন।
সাবেক চলচ্চিত্র তারকা জয়ললিতার পক্ষে তামিলনাড়ুতে বিপুল সমর্থন রয়েছে। জাতীয় রাজনীতিতেও তাঁর দল এআইএডিএমকে যথেষ্ট গুরুত্ব পায়। ভারতীয় লোকসভায় দলটি তৃতীয় সর্বোচ্চ আসনের অধিকারী।
৫৩ কোটি রুপির অর্থসম্পদের সুনির্দিষ্ট হিসাব দিতে না পারায় জয়ললিতা গত বছর মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। তবে কর্ণাটক হাইকোর্ট গত সপ্তাহে ওই মামলা বাতিল করেন। জয়ললিতার অনুপস্থিতিতে এত দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাঁরই বিশ্বস্ত নেতা পান্নিরসেলভাম। তিনি গতকাল পদত্যাগ করেন।