মুম্বাই হামলার ৬ বছর পেরোলেও বাড়েনি নিরাপত্তা
ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ছয় বছর পেরোলেও এ ধরনের হামলা মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। সুপারিশ অনুযায়ী এ ধরনের হামলা মোকাবিলার জন্য তৈরি করা হয়নি পুলিশের কোনো বিশেষ বাহিনী।
আজ বুধবার ২৬ নভেম্বর মুম্বাই হামলার ছয় বছর পূরণ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করা হয়।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, সমুদ্র থেকে শহরে প্রবেশের যে ১৯টি পয়েন্ট রয়েছে, সেগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই ঘটনার পর পুলিশকে ২০টি পেট্রোল নৌযান দেওয়া হয়েছে। তবে সেগুলো বুলেটপ্রুফ নয় বা যুদ্ধযানও নয়।
২৬/১১ হামলার পর সরকার ২৯টি উচ্চ প্রযুক্তিসম্পন্ন বুলেটপ্রুফ স্পিডবোড কেনার নির্দেশ দিয়েছিল। কিন্তু ২০১০ সালে ভারতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকালে একটি নৌকা পরীক্ষা করে দেখা গেল তা বুলেটপ্রুফ নয়। এর পরপরই নৌযানগুলো যার কাছ থেকে কেনা হয়েছিল, তাঁকে পাঁচটি চালান ফিরিয়ে নিতে বলা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পশ্চিম উপকূলের জন্য নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড ও দেশের বিভিন্ন এজেন্সিকে ৩০টি জাহাজ-ডুবোজাহাজ ও বিমান দেওয়া হয়েছে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ও সার্বিক সমুদ্র নিরাপত্তা আগের থেকে জোরদার করা হয়েছে।
২৬/১১-এর পর ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে এক হাজার ৪৬৬ ক্লোজড সার্কিট ক্যামেরা, ১৪টি লাগেজ স্ক্যানার, আরও তিনটি ভ্রাম্যমাণ লাগেজ স্ক্যানার, ৮৫টি দরজা ফ্রেমের মেটাল ডিটেক্টর, ৪২৬টি হাতে বহনযোগ্য মেটাল ডিটেক্টরসহ নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে নিরাপত্তা ফোর্সের জ্যেষ্ঠ বিভাগীয় নিরাপত্তা কমিশনার অলোক বোহরা।
এ ছাড়া জনগণকে সচেতন করতে সচেতনতামূলক নানা পদক্ষেপ নেওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আবারও এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা মোকাবিলার জন্য এসব ব্যবস্থা পর্যাপ্ত নয়।
২০০৮ সালের ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত টানা চার দিন বোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং ধারাবাহিত গুলি চালিয়ে ১৬৪ জনকে হত্যার ঘটনা ঘটে। আহত হন কমপক্ষে ৩০৮ জন। পাকিস্তান থেকে জলপথে ভারতে অনুপ্রবেশ করা কয়েকজন বন্দুকধারী এ হামলা চালায়।