ট্রাম্পের চাপে মুম্বাই হামলার 'মূল পরিকল্পক' গৃহবন্দী

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল পরিকল্পক হাফিজ সাঈদকে গতকাল সোমবার রাতে পাকিস্তানের লাহোরে গৃহবন্দী করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের চাপে পাকিস্তান এই উগ্রপন্থী নেতার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, কিছু বাধ্যবাধকতা পূরণে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হাফিজ সাঈদ পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন জামায়াত উদ দাওয়ার (জেইউডি) প্রধান। তাঁর সঙ্গে আরও চারজনকে বন্দী করা হয়। ১৯৭৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের (১১ ইইই ১) ধারা অনুসারে সাঈদকে গৃহবন্দী করা হয়।
জেইউডির তথ্য-বিষয়ক সদস্য নাদিম আওয়ান বলেন, লাহোরের জেইউডির সদর দপ্তর মসজিদ ই কুদসিয়া চৌবুরজিতে সাঈদ ছিলেন। এ সময় পুলিশ তাঁকে গৃহবন্দী করে। পুলিশ ওই সদর দপ্তর ঘিরে রেখেছে।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, হাফিজ সাঈদকে চৌবুরজি থেকে জওহর টাউনে তাঁর বাসভবনে নিয়ে গৃহবন্দী করা হয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সহযোগী প্রতিষ্ঠাতা সাঈদের বাসভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইসলামাবাদ ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি। তবে ট্রাম্প সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে পাকিস্তান একধরনের চাপবোধ করেছে। সেখান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প মুসলিমপ্রধান দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। এর মধ্যে পাকিস্তানের নামও রয়েছে। এ বিষয়টিও বিবেচনা করা হয়েছে।
তবে জেইউডির সদস্য নাদিম আওয়ানের দাবি, ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পাকিস্তান সরকার এ কাজ করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান সাংবাদিকদের বলেন, জেইউডি ২০১০-১১ সাল থেকেই পর্যবেক্ষণে রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এর নাম তালিকাভুক্ত। তাই তাদের বিরুদ্ধে পাকিস্তান পদক্ষেপ নিতে বাধ্য। এসব বাধ্যবাধকতার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রাদেশিক সরকার লাহোরের সব রাস্তা থেকে জেইউডির ব্যানার সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
ভারত ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার ‘পরিকল্পক’ হাফিজ সাঈদ। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। তবে সাঈদ বারবারই ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।