ভারতের মুম্বাইয়ে ২০০৬ সালে ট্রেনে সিরিজ বোমা হামলার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। দীর্ঘ নয় বছর পর গতকাল বুধবার এ রায় ঘোষণা করা হলো। রায়ে আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যার ব্যস্ত সময়ে মুম্বাইয়ে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে ওই বোমা হামলাগুলো চালানো হয়েছিল। তাতে নিহত হয়েছিলেন ১৮৯ জন। আর আহত হন আট শতাধিক।
হামলার ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত ১২ জন হত্যা, ষড়যন্ত্র ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে অভিযুক্ত হন। বিবাদীপক্ষের আইনজীবী ওয়াহাব খান জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। গতকালের এ রায় দেন মুম্বাইয়ের বিশেষ আদালত।
রায় ঘোষণার পর আদালতের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ওই আইনজীবী বলেন, ‘আমরা এখনো মনে করি, তাঁদের বিরুদ্ধে সাজানো অভিযোগ আনা হয়েছে এবং আদালত তথ্যপ্রমাণ বিবেচনায় না এনে স্বীকারোক্তির ওপর নির্ভর করেছেন।’
মুম্বাই হামলার শিকার ব্যক্তিদের একজন মহেন্দ্র পিতাল। হামলায় বাঁ হাতটি হারান তিনি। রায়ের প্রতিক্রিয়ায় এএফপিকে মহেন্দ্র বলেন, ‘ওই দিন হামলায় বহু পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারায়। এ রায় তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।’
বোমা হামলার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। তাঁদের মধ্যে ছিলেন ১৩ জন পাকিস্তানি। এই ১৩ জন ছাড়াও সন্দেহভাজন আরও চার ভারতীয় হামলাকারীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকাজে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা কৃষ্ণ রাঘুভাষী বলেন, তাঁর প্রত্যাশা অভিযুক্ত সব ষড়যন্ত্রকারীকেই গ্রেপ্তার করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘সন্তুষ্টির কথা এটাই, আমরা কিছুটা হলেও ন্যায়বিচার পেলাম। এতে হামলার শিকার পরিবার ও মুম্বাইয়ের অস্বস্তির অবসান ঘটবে।’
মামলায় ১৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। আদালত তাঁদের মধ্যে একজনকে আগেই বেকসুর খালাস দেন। দোষী সাব্যস্ত ব্যক্তিদের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল।
এ মামলার বিচার শুরু হয়েছিল ২০০৭ সালের জুনে। ভারতে ২০০৬ সালের পর একসঙ্গে এতজনের ফাঁসির আদেশ আর হয়নি। ১৯৯৩ সালে মুম্বাইয়ে আরেক বোমা হামলার ঘটনায় ২০০৬ সালে ১১ জনের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছিল।
সরকারি কৌঁসুলিরা বলেন, ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে ২০০২ সালে সংঘটিত ভয়াবহ হিন্দু-মুসলিম দাঙ্গা এবং সে সময় দুই হাজার লোক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতেই চালানো হয় মুম্বাই হামলা। গুজরাটের ওই দাঙ্গায় নিহত ব্যক্তিদের প্রায় সবাই ছিলেন মুসলমান।
কৌঁসুলিরা অভিযোগ করেন, মুম্বাই হামলার ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবা দায়ী। তবে স্বল্প পরিচিত গোষ্ঠী লস্কর-ই-কাহ্হার এ ঘটনার দায় স্বীকার করেছিল।