মুম্বাইয়ে আরও দুবার হামলার চেষ্টা করে লস্কর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের আলোচিত সন্ত্রাসী হামলায় গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি (৫৫)। আদালতে দেওয়া ওই সাক্ষ্যে তিনি হামলায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সম্পৃক্ততার কথা বলেছেন। পাশাপাশি বলেছেন, আগেও দুবার এমন হামলার চেষ্টা হয়; তবে তা ব্যর্থ হয়েছিল। খবর এনডিটিভির।
লস্কর-ই-তাইয়েবার সন্ত্রাসী হেডলি ২০০৯ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন। মুম্বাই হামলায় সম্পৃক্ত থাকার দায়ে বর্তমানে সেখানে ৩৫ বছরের জেল খাটছেন তিনি। রাজসাক্ষী হতে রাজি হওয়ায় গত ডিসেম্বরে তাঁকে ক্ষমা করে দেন মুম্বাই আদালত। যুক্তরাষ্ট্রের অজ্ঞাত স্থান থেকে গতকাল ভিডিও লিঙ্কের মাধ্যমে পাঁচ ঘণ্টা ধরে এই আদালতে সাক্ষ্য দেন তিনি।
সাক্ষ্যদানকালে হেডলি ২০০৮ সালের ২৬ নভেম্বর (২৬/১১ হামলা নামে পরিচিত) পরিচালিত ওই সন্ত্রাসী হামলায় লস্করকে সহায়তাকারী হিসেবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করেন।