মুম্বাইয়ে জমেছে ইফতারির বাজার
পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিন আজ সোমবার জমে ওঠে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের ইফতারি বাজার। বহুসংখ্যক মুসলমানের আবাস এ মহানগরে ইফতারসামগ্রীর চাহিদাও বিশাল।
মুম্বাইয়ের বিখ্যাত কয়েকটি রেস্তোরাঁ নানান পদের ইফতারির আয়োজন করেছে। মুম্বাইয়ের খাবারের কথা বলতেই দক্ষিণ মুম্বাইয়ের মুহম্মদ আলী রোডের দুই পাশে গড়ে ওঠা ছোট-বড় নানান ফুড স্টল চোখে ভাসে। এখানকার বিখ্যাত খাবারগুলো হলো চিকেন টিক্কা, চিকেন তন্দুরি, নল্লি নিহারি। এখানে আছে সুলেইমান উসমান মিঠাইওয়ালার মিষ্টির দোকান। সুলেইমানের সেরা মিষ্টিগুলো হলো আতার হালুয়া ও ফিরনি। ইফতার শেষে মিষ্টিমুখ করতে নগরবাসীর অনেকে এখানে এসে ভিড় জমান।

ইফতারের এসব মুখরোচক খাবার খেতে আসেন অন্য সম্প্রদায়েরও অনেক মানুষ। এ ছাড়া প্রতিবারের মতো এবারও এখানে বড়ে মিয়াঁ, জাফর ভাই দিল্লি দরবার, নুর মহম্মদি হোটেল, সুর্তি বারা হান্ডি, চায়নিজ এন গ্রিল, হিন্দু্স্তান রেস্তোরাঁর মতো বিখ্যাত রেস্তোরাঁগুলো নানান লোভনীয় খাবারের পসরা সাজিয়ে বসেছে।