মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ২০০৬ সালে ট্রেনে সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় করা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি বিশেষ আদালত আজ বুধবার এ রায় দেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

হত্যা, ষড়যন্ত্র ও দেশের বিরুদ্ধে হামলার দায়ে এই ১২ জনকে দণ্ড দেওয়া হয়। ওই হামলায় ১৮৯ জন নিহত এবং আট শতাধিক আহত হন।

আসামিপক্ষের আইনজীবী ওহাব খান জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বোমাগুলো প্রেশার কুকার, ব্যাগ, সংবাদপত্র ও ছাতার মধ্যে লুকিয়ে রাখা ছিল। ২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় ব্যস্ত সময়ে পর পর সাতটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণে বাম হাত হারানো মহেন্দ্র পিতালি বলেন, ওই ঘটনায় অনেক পরিবার তাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। এই বিচার কিছুটা স্বস্তি আনবে তাদের জীবনে।