মুম্বাইয়ে বৃষ্টির কোপে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে অস্বাভাবিক বৃষ্টির ফলে সাধারণ জনজীবন অচল হয়ে উঠলেও ধীরে ধীরে তা এখন স্বাভাবিকের পথে। কিন্তু বৃষ্টির কোপে ঈদের বাজার যা ধাক্কা খেল, তা সামলে ওঠা মুশকিল। লাগাতার বৃষ্টির ফলে কোরবানির অনেক ছাগল মারা গেছে। হু হু করে বাড়ছে ছাগলের দাম। ক্রেতাদের রীতিমতো মাথায় হাত। তবু ছাগল কেনার হার ক্রমে বাড়ছে।

মুম্বাইতে ছাগল বিক্রয়ের প্রধান কেন্দ্র হলো দেওনর বাজার। পুরো মুম্বাই এবং শহরতলিতে এখান থেকে ছাগল সরবরাহ হয়। কথা হলো দেওনর বাজারের বিক্রেতা মকবুলের সঙ্গে। তিনি জানান, এ বছর ছাগলের দাম গত বছরের তুলনায় দুই হাজার রুপির মতো বেশি ছিল। কিন্তু এই বৃষ্টির ফলে অনেক ক্ষতি হয়ে গেল। বৃষ্টিতে ভিজে অনেক ছাগল মারা গেছে। বৃষ্টির পর এখন ছাগলপিছু আরও দু-তিন হাজার রুপি মতো দাম বেড়েছে।

মকবুল আরও জানান, এখন সাধারণত ছাগলপিছু দাম পড়ছে ১০ থেকে ৫০ হাজার রুপির মতো। এ ছাড়া আরও ভালো জাতের ছাগল এক লাখ থেকে দুই লাখ রুপিতেও বিক্রি হচ্ছে। মুম্বাইয়ের এই বাজারে রাজস্থানের যোধপুর, জয়সলমির; মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু জেলা থেকে ছাগল আসে।

প্রবল বর্ষণের ফলে ছাগল আমদানির ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি হয়েছে। মুম্বাইয়ের শহরতলির এক মাংস বিক্রেতা ইরফান শেখ বলেন, গত বছরের তুলনায় এ বছর ছাগলের দাম বেশি। বৃষ্টির কারণে দাম আরও বেড়েছে। তবে বিক্রি কিন্তু কম হয়নি; বরং ছাগলের চাহিদা ক্রমে বাড়ছে। আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার বিক্রি আরও বাড়বে। এ সময় কেউ দামের তোয়াক্কা করে না।

মাংস বিক্রেতা বাবু ভাইয়ের গলায় একই সুর। তিনি বলেন, ‘বৃষ্টির পরে কোরবানির ছাগলের দাম দুই হাজার রুপি মতো বেড়েছে। আজ, কাল দাম আরও বাড়বে। আমার কাছে ৩ হাজার থেকে ৩০ হাজার রুপিতে ছাগল বিক্রি হচ্ছে। এ ছাড়া দুই লাখ রুপির ছাগলও বিক্রি হয়েছে। তবে সঠিকভাবে সংরক্ষণের অভাবে অনেক ছাগল অসুস্থ অবস্থায় পড়ে আছে। কিছু মারাও গেছে।’