মুম্বাইয়ে ভবন ধসে অন্তত ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই শহরে গতকাল শনিবার সন্ধ্যায় তিন তলা একটি ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। আরও অনেক মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কমতিপুরার গ্র্যান্ট রোডে এই দুর্ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে একটি কারখানা ও পানশালা ছিল। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি ভবন ধসের ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটে। এ জনবহুল নগরে বসবাস খুবই ব্যয়বহুল হওয়ায় অনেক লোক বহু পুরোনো ও জরাজীর্ণ কিংবা নিম্নমানের উপকরণে নির্মিত ভবনে থাকতে বাধ্য হয়।
নাইরোবিতে ভবন ধসে নিহত ১৯: কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে গতকাল পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তখন পর্যন্ত ৮০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় গত শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছিল। রাত সাড়ে নয়টার দিকে ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে।