মুম্বাইয়ে সস্তায় থাকা যায়
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বিশ্বের অন্য যেকোনো মহানগরের চেয়ে সস্তায় জীবন যাপন করা যায়। গবেষণা সংস্থা সেভিলস ওয়ার্ল্ড রিসার্চের সমীক্ষার ফলে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
বিশ্বের ১২টি শহরের ওপর সমীক্ষা চালিয়ে সেভিলস বলছে, বসবাস ও কাজের জন্য মুম্বাই সবচেয়ে সস্তা শহর। গবেষণা সংস্থাটির পরিচালক ইয়োল্যান্ড বারনেস বলেন, মুম্বাই বিশ্বে সুপরিচিত একটি শহর। এখানকার সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ কোনোটিই নিউইয়র্ক, হংকং বা সিডনির চেয়ে কম নয়। তবে থাকা যায় সস্তায়। সে তুলনায় লন্ডন, হংকং ও নিউইয়র্ক বিশ্বের সবচেয়ে দামি শহর। এখানে চাকরিজীবীদের থাকার খরচ অনেক বেশি।
ইয়োল্যান্ড বারনেস আরও বলেন, গত পাঁচ বছরের জিডিপির তুলনায় এই শহরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তবে সেভিলস জীবনযাত্রার যে মানের কথা বলছে, মুম্বাইয়ের অনেক লোক তা অনুসরণ করে না। তাই এখানে অনেক সস্তায় থাকা যায়।
মুম্বাইয়ে একজন কর্মীর আবাসনসহ জীবন যাপনে বছরে খরচ হয় প্রায় ২৯ হাজার ৮৮ ডলার (২২ লাখ ৬১ হাজার টাকা)। ২০০৮ সালের তুলনায় এই খরচ বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। চীনের সাংহাইয়ে কর্মীদের জীবন যাপনের এই খরচ ২০০৮ সালের তুলনায় বেড়েছে ১৫ দশমিক ৬ শতাংশ। সেখানে তাঁদের খরচ হয় ৩৮ হাজার ৮৯ ডলার (২৯ লাখ ৬১ হাজার টাকা)।
লন্ডনে অফিস ও আবাসিক ভবনে থাকার পেছনে দিন দিন মানুষের খরচ বাড়ছে। ২০০৮ সালের তুলনায় ২০১৫ সালে খরচ ২০ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়েছে। হংকংয়ের চেয়েও সেখানে খরচ বেশি। ২০০৮ সালের তুলনায় এ বছর হংকংবাসীর জীবন যাপনের খরচ বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। নিউইয়র্কে ২৮ দশমিক ৪ শতাংশ খরচ বেড়েছে। সানফ্রান্সিসকোতে বেড়েছে ৫৯ দশমিক ৬ শতাংশ।
সেভিলসের জরিপ অনুসারে, বিশ্বের এগিয়ে থাকা ১২টি ব্যয়বহুল শহরে একজনের থাকা-খাওয়ার গড় খরচ বছরে ৭৪ হাজার ৯৪৫ ডলার। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে